প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:২০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ই-কমার্স কোম্পানি অ্যামাজন। বিশ্বব্যাপী আর্থিক মন্দার বাজারে বহু কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানবসম্পদ, সহায়তা বিভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মার্চে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ই-কমার্স কোম্পানি অ্যামাজন। প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়। তারই অংশ হিসেবে এ কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।
সম্প্রতি ফেসবুকের মাদার কোম্পানি মেটাও বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা শুরু করেছে। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জুকারবার্গ। এমনকি টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোনও ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে; যদিও সেটা শুধু ভারতে নয়, বিশ্বজুড়েই।
এর আগে প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পরে কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি এ ঘোষণা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, কোম্পানিটি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। তবে অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। অদূর ভবিষ্যতে বর্তমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া