প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৫:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক টেলিকম জায়ান্ট ভোডাফোনের নতুন সিইও মার্গারিটা ডেলা ভালে দায়িত্ব নিয়েছেন গত মাসে। দায়িত্ব গ্রহণের পরেই তিনি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। আগামী তিন বছরের মধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই করা হবে।
গতকাল মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতায় টিকে থাকতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
কোম্পানিকে ঢেলে সাজাতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। সে কারণে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও কোম্পানির প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।’
বর্তমানে কোম্পানিতে এক লাখ কর্মী রয়েছে। চলতি বছরের শুরুতে ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল টেলিকম জায়ান্টটি। জার্মানিতেও ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করবে তারা। ভোডাফোনের জন্য জার্মানি সবচেয়ে বড় বাজার হলেও নতুন সিইও বলছেন, টেলিকম কোম্পানিটির জন্য জার্মানি এখন ততটা লাভজনক প্ল্যাটফর্ম নয়। তবে স্পেনের মতো বাজারে সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। সূত্র : রয়টার্স।