সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৫:৩১ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ১৬:৪২ পিএম
হিমসাগর আম সংগ্রহ অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো
সাতক্ষীরায় কালিগঞ্জে আনুষ্ঠানিকভাবে হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১০ মে) সকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর আম বাগানে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিষমুক্ত নিরাপদ আম সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম।
জেলা প্রশাসক বলেন, ‘সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরণ করা হচ্ছে। মিষ্টি এ আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় চার হাজার ১১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ টন। বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশের চাহিদা মিটিয়ে ও বিদেশে রপ্তানি করা যাবে। এতে আয় হবে ২২৫ কোটি টাকারও বেশি।
সাতক্ষীরার হিমসাগর বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে। ২০১৫ সালে সাতক্ষীরাকে ম্যাংগো ক্যাপিটাল হিসাবে ঘোষণা দিয়ে শুরু হয় এই আম রপ্তানি।