প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৩:১৩ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বব্যাপী যে সংস্থা বেকারদের চাকরি খুঁজে দিতে বদ্ধপরিকর, এবার সেই সংস্থার কর্মীরাই হারাতে চলেছেন চাকরি। শোনা যাচ্ছে, অন্তত ৭১৬ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে লিংকডইন। মাইক্রোসফ্ট করপোরেশনের মালিকানাধীন লিংকডইন নেটওয়ার্কে বর্তমানে ২০ হাজার কর্মী রয়েছে। গত আর্থিক বছরে প্রতি ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটির রাজস্ব বেড়েছে। তবু কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির পরিস্থিতির ওপর নজর রেখে তাদের ৭১৬ কর্মীকে ছাঁটাই করতে হবে, পাশাপাশি এটাও বলেছে, চীনকেন্দ্রিক চাকরির আবেদন তারা বন্ধ করে দেবে।
লিংকডইনের প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির এক চিঠিতে বলেন, প্রতিষ্ঠানটির সেলস, অপারেশন ও সাপোর্ট টিম থেকে এবার কর্মী ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানটির কার্যক্রম সুবিন্যস্ত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই ছাঁটাইয়ের পর ২৫০টি নতুন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, অ্যাপটি বন্ধ হয়ে গেলেও চীনে ভিন্নভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। যাতে চীনে কর্মরত কোম্পানিগুলোকে দেশের বাইরে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে সহায়তা করা যায়।
এদিকে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাকরিপ্রার্থীদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে লিংকডইন। এ বিষয়ে লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, এআইকে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি, যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগে সাহায্য করবে। সূত্র : বিবিসি