× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাস অন্তর জিডিপির তথ্য দেবে বিবিএস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৭:৫৬ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৮:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

এখন থেকে প্রতি তিন মাস অন্তর জানা যাবে দেশের অর্থনৈতিক অবস্থা। এজন্য প্রথমবারের মতো করা হচ্ছে কোয়ারলি জিডিপি (কিউজিডিপি) হিসাব। এই হিসাব প্রকাশ করায় আন্তর্জাতিক অঙ্গনে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আরও এক ধাপ এগিয়ে যাবে। এখন পর্যন্ত বিশ্বের ১৩৭টি দেশ এভাবে হিসাব প্রকাশ করে। আগামীতে এর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। 

বুধবার (৩ মে) স্টেকহোল্ডার কর্মশালায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আহাম্মদ উল্যাহ ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহেনা পারভীন। বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক ও কিউজিডিপি কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, বিবিএস সম্প্রতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তি বছর ২০০৫-০৬ ও ২০১৫-১৬ তে পরিবর্তনের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে ২০১৫-১৬ কে ভিত্তি বছর ধরে বার্ষিক জিডিপি প্রাক্কলনও প্রকাশ করা হচ্ছে। নতুন ভিত্তি বছরের জিডিপি প্রাক্কলনের জন্য বিবিএস দেশের অর্থনীতির ১৯টি খাতের মূল্য সংযোজন করে থাকে। সরকারের সিদ্ধান্তের জন্য এ পর্যায়ে বিবিএস বার্ষিক জিডিপি প্রাক্কলনের পাশাপাশি ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে এর মধ্যে বিবিএস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কারিগরি সহায়তায় আন্তর্জাতিক দিকনির্দেশনা অনুসরণ করে ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত সময়ের ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কাজ সম্পন্ন করেছে।

ত্রৈমাসিক জিডিপি অর্থনীতির গতি-প্রকৃতি পর্যবেক্ষণের একটি স্বল্পমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। বিবিএস ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সংস্থা থেকে সেকেন্ডারি ডেটা ব্যবহার করছে। ফলে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের সঙ্গে অন্যান্য সংস্থার যথেষ্ট সংশ্লিষ্টতা রয়েছে।

বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী, ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত প্রাক্কলিত ত্রৈমাসিক জিডিপি জুন, ২০২৩ সালের মধ্যে প্রকাশ করা হবে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিক জিডিপি ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশ করা হবে। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, কোনো প্রান্তিক অতিক্রম হওয়ার পরবর্তী ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ত্রৈমাসিক জিডিপি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ত্রৈমাসিক জিডিপি একটি চলমান প্রক্রিয়া হিসেবে পরবর্তীতে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।

ড. শাহনাজ আরেফিন বলেন, ‘দুবছর আগে থেকেই বিবিএস তিন মাসের জিডিপি প্রবৃদ্ধি হিসাবের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ব্যাক ক্যালকুলেশনসহ প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করা হয়েছে। এখন আইএমএফ এটি করতে বলছে। এখানে বোঝার বিষয় হলো আমরা চিন্তার ক্ষেত্রে অনেক এগিয়ে আছি। বিবিএস এককভাবে এ কাজ করতে পারবে না। বিভিন্ন সরকারি সংস্থা থেকে তথ্য সরবরাহ করতে হবে। এই তথ্য সঠিক ও নির্ভুল হতে হবে। তথ্যের ক্ষেত্রে ভুল হলে চলবে না। আমরা এখন উন্নত দেশে যাচ্ছি। ফলে আমাদের সবকিছুই উন্নত হতে হবে। এটি সময়ের দাবি।’

মো. মতিয়ার রহমান বলেন, ‘তথ্য অন্যের কাছ থেকে নিয়ে আসাটা সহজ কাজ নয়। জিডিপি হচ্ছে উৎপাদন বেইজ, এটি খরচ বেইজ নয়। উৎপাদনের তথ্য পাওয়াটা কঠিন কাজ। কিন্তু এখন সেটি সহজে করা যাচ্ছে। এই কাজ আমাদের বিশুদ্ধতার সঙ্গে করতে হবে।’

আহাম্মদ উল্যাহ বলেন, ‘মন্ত্রণালয় ও বিভাগগুলো যেসব তথ্য দেবে, সেগুলোতে ভেজাল থাকলে চলবে না। নির্ভুল তথ্য সরবরাহ করতে সবাইকে সচেষ্ট হতে হবে।’

রেহেনা পারভীন বলেন, ‘অর্থ বিভাগকে এমটিবিএফ (মধ্যমেয়াদি বাজেট কাঠামো) করতে হয়। সেখানে জিডিপির তথ্য সবচেয়ে বেশি কাজে লাগানো হয়। তিন মাসের তথ্যে আমাদের, উন্নয়ন সহযোগীদের ও গবেষকদের ব্যাপক চাহিদা রয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর কিউজিডিপি হচ্ছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা