প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম
ছবি : সংগৃহীত
স্পট মার্কেট থেকে আরেক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি কিনতে খরচ হবে ৫৩৫ কোটি টাকা। তবে ভ্যাট ট্যাক্সসহ মোট খরচ হবে ৬৭৩ কোটি ৯৩ লাখ টাকা।
এই কার্গো সরবরাহের কাজ পেয়েছে সুইস কোম্পানি ভিটল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে জ্বালানি বিভাগের এই প্রস্তাব অনুমোদন করা হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত না থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
সূত্র জানায়, প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম পড়েছে ১৬ দশমিক ১০ ডলার। এর আগের দুই কার্গোর দামের চেয়ে এই কার্গোর এলএনজির দাম কম। ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি স্পট মার্কেট থেকে ৬৯০ কোটি টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়। জাপানের জেরা কোম্পানি এই কাজ পায় ইউনিটপ্রতি ১৬ দশমিক ৫০ ডলারে।
১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চলতি বছর প্রথমবারের মতো স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির অনুমোদন দেয়। ওই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১৯ দশমিক ৭৪ ডলার। প্রায় ৭ মাস পর গত ২০ ফেব্রুয়ারি এই কার্গোর এলএনজি দেশে আসে। এরপরই গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ৬২ হাজার টন এলএনজির কার্গোটি সরবরাহ করেছে টোটাল এনার্জি।