প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ফিনল্যান্ডভিত্তিক মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নকিয়ার ইউরোপে বিনিয়োগ বাড়াচ্ছে। সেখানে বেশ কিছু নতুন মডেলের মোবাইল ফোন উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের খরচ কমাতে এশিয়ায় মোবাইলফোন কারখানা স্থাপনে ঝুঁকছে।
এইচএমডি গ্লোবাল কোম্পানি গত শনিবার তিনটি মডেলের ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে। মডেলগুলো হলোÑ নকিয়া জি২২, নকিয়া সি৩২ এবং নকিয়া সি২২। মোবাইলগুলোর ব্যাটারিতে তিন দিন পর্যন্ত চার্জ থাকবে এবং মোবাইলে কারিগরি সেবা দেবে আইফিক্সিট।
এইচএমডি গ্লোবাল জানায়, ইউরোপের বেশ কয়েকটি আইটি সিকিউরিটি পার্টনারের সঙ্গে নতুন মোবাইলের সফ্টওয়্যার আধুনিকায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। প্রথম ধাপের তৈরি মোবাইলগুলো নিয়ে সেখানে গবেষণা চলছে।
তবে ইউরোপে কোথায় এইচএমডি গ্লোবাল তাদের মোবাইল প্রস্তুত কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ইউরোপীয় ইউনিয়ন সেমিকন্ডাক্ট বা চিপস আইনের কিছু পরিবর্তন এনেছে। সেমিকন্ডাক্ট উৎপাদন খাতে কোম্পানিগুলোকে উৎসাহিত করতে ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপ।
এ ব্যাপারে এইচএমডির প্রধান মার্কেটিং অফিসার লার্স সিলবেরবায়ের বলেছেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ভর্তুকি নিয়ে আলোচনা করিনি। আমরা ইউরোপীয় উৎপাদন, গবেষণা এবং উন্নয়নের সমর্থনে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি।
২০১৬ সালে এইচএমডি নকিয়ার স্মার্টফোন এবং ট্যাবলেট তৈরির জন্য একটি ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে। তবে এইচএমডি তাইওয়ানের ফক্সকনের সঙ্গে অবশিষ্ট পেটেন্ট বা চুক্তির মেয়াদ থাকায় নতুন মোবাইল উৎপাদনের ক্ষেত্রে সকল সুবিধা নিয়ে থাকে। সূত্র : রয়টার্স