প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ২২:০৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ২২:১২ পিএম
ছবি: সংগৃহীত
টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের মৎস্য খাতে ৬০ লাখ ইউরো বিনিয়োগ করবে নেদারল্যান্ডস সরকার। ছয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিনিয়োগ করবে দেশটি। বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপপরিচালক গিরগিট্টা তাজেলা এবং আফতাব বহুমূখী খামারের পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান ও জেমিনি সি-ফুডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) মাহমুদ রিয়াদ চুক্তিতে স্বাক্ষর করেন।
মাছের প্রজনন ও চাষের বিভিন্ন ধরনের উন্নত ও টেকসই কৌশল প্রবর্তন এবং প্রদর্শনের জন্য ছয়টি প্রতিষ্ঠানে এই অর্থ বিনিয়োগ করা হবে। আফতাব বহুমুখী খামার, জেমিনি সি-ফুড, নিউট্রেকো, ভিকন, লাইটক্যাসল পার্টনারস এবং ল্যারিভ ইন্টারন্যাশনাল এই অর্থ পাবে। নেদারল্যান্ডসের এই অর্থ দিয়ে ছয়টি প্রতিষ্ঠান সিলেট, খুলনা এবং কক্সবাজারে তিনটি কেন্দ্র প্রতিষ্ঠা করবে।
এসব কেন্দ্রে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মাছের চাষাবাদ পদ্ধতি এবং অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা ও পরীক্ষা চালানো হবে। একই সঙ্গে মাছ প্রজনন ও প্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। উন্নত প্রজনন ক্ষমতাসম্পন্ন মাছ উৎপাদনে কৃষকদের সম্মক ধারণাও দেওয়া হবে ওই কার্যক্রমের আওতায়। ১ হাজার ৬০০ মৎস্যচাষী অনলাইন প্রশিক্ষণের আওতায় আসবে। একই সঙ্গে মৎসচাষীদের বিপণন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতেও কাজ করবে বিনিয়োগ পাওয়া ৬টি প্রতিষ্ঠান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বলেন, ‘বাংলাদেশে ডাচ দূতাবাস বাংলাদেশে আরও টেকসই কৃষি ও খাদ্যের সরবরাহ শৃঙ্খলা উন্নয়নে সহযোগতিতা করবে। ছয়টি কোম্পানির সঙ্গে স্থানীয় অংশীজনরা বিনিয়োগ করার সুযোগ পাবেন।’
ল্যারিভ ইন্টারন্যাশনালের পরিচালক ম্যাথিয়াস ব্রায়েনেন বলেন, ‘বাংলাদেশে মৎস্য চাষকে শক্তিশালী করার জন্য পরিবেশগত এবং সামাজিকভাবে দায়িত্বশীল উপায়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে সাহায্য করবে।’