প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
২০২২ সালে ভারতে স্মার্টফোন আমদানি হয়েছিল ১৫ কোটি ১৬ লাখ। যা ২০২১ সালের আমদানির তুলনায় ৬ শতাংশ কম। দেশটির স্মার্টফোনের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে শাওমি এবং স্যামসাং। গত বছর সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।
গবেষণা সংস্থা ক্যানালিসের বরাতে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শাওমি সারা বছর ভারতের বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল। তবে স্যামসাং শেষ তিন মাসে ভারতের বাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান করে নেয়। ২০১৭ সালে শাওমি স্মার্টফোন বিক্রিতে ভারতের বাজারে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষে চলে আসে।
৬৭ লাখ ফোন বিক্রি করে স্যামসাং বাজারের ২১ শতাংশ শেয়ারের দখল নিয়েছে। দ্বিতীয় স্থানে আছে ভিভো কোম্পানিটি, যারা ৬৪ লাখ ফোন বিক্রি করেছে। আর প্রথম স্থান থেকে নেমে তিন নম্বরে জায়গা পাওয়া শাওমি বিক্রি করেছে ৫৫ লাখ ফোন।
ক্যানালিসের একজন বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, ‘অন্যান্য বাজারের তুলনায় বৈশ্বিক মন্দা মোকাবিলায় ভারত ভালো অবস্থানে ছিল। কিন্তু ২০২২ সালের শেষ কয়েক মাসে দেশীয় ভোক্তারা অনেকটাই ধীরগতিতে কেনাকাটা করছেন।’
এক বিবৃতিতে ক্যানালিসের বিশ্লেষক সানিয়াম চৌরাসিয়া বলেন, ‘২০২২ সালে করোনা অতিমারি চলাকালীন অনেকেই সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন কিনেছিলেন। ফলে নতুন ফোন কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অনেকেই। এ কারণেই স্মার্টফোন ব্র্যান্ডগুলো ইনভেনটরি ম্যানেজমেন্টের সমস্যার মুখোমুখি হয়েছে।’ সেই সঙ্গে ২০২২ সালের শেষের দিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতিতেও পড়তে শুরু করেছে।