প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ২২:২৫ পিএম
ফাইল ফটো
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গণনা থেকে বাদ পড়েছে ৩১টি কোম্পানি। আর নতুন করে যুক্ত হয়েছে ৭টি কোম্পানি। এর ফলে ডিএসইএক্স সূচক গণনায় প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩১৫ টিতে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই। আগামী রবিবার থেকে সূচক এ সূচক গণনায় নতুন তালিকা বিবেচনায় নেওয়া হবে। ডিএসইএক্সের এই সমন্বয় হয়েছে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে।
নতুন করে ডিএসইএক্স সূচক নির্ধারণের তালিকায় যুক্ত ৭টি কোম্পানি হলো : বিডি থাই ফুড, একমি পেস্টিসাইড, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, ইউনিয়ন ইনস্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, মেঘনা ইনস্যুরেন্স এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেড। তথ্যমতে, বর্তমানে স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স গণনা করা হয় ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের ভিত্তিতে। যা আগামী ২২ জানুয়ারি থেকে কমে দাঁড়াবে ৩১৫ টিতে।
ডিএসই বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির ক্ষেত্রেও পুনঃসমন্বয় করা হয়েছে। এতে ডিএস-৩০ সূচক থেকে ৫টি কোম্পানি বাদ পড়েছে, আর নতুন করে যুক্ত হচ্ছে ৫টি কোম্পানি। এগুলো হলোÑ আইএফআইসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সি-পাল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। অপরদিকে বাদ পড়েছে সামিট পাওয়ার, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড্। ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে অর্ধবার্ষিক তথা গত জুলাই থেকে ডিসেম্বরের মূল্যায়নের ভিত্তিতে।
এ ছাড়া ডিএসই ক্ষুদ্র ও স্বল্প মূলধনি প্রতিষ্ঠানগুলো শেয়ার লেনদেন প্ল্যাটফর্ম এসএসই বোর্ডের মূল্যসূচক গণনায় আরও ২ কোম্পানিকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। এগুলো হলো : নিয়ালকো অ্যালোই লিমিটেড এবং মামুন অ্যাগ্রো প্রডাক্ট লিমিটেড।