চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং
চট্টগ্রাম বন্দর। ছবি: বাসস
কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে দেশের আমদানি-রপ্তানি পণ্যের প্রবেশ দ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দর। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, সেখানে চলতি অর্থবছরে ৩৫ লাখ একক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই
হিসেবে গত অর্থবছরের তুলনায় এবার বন্দরে ৬ শতাংশের বেশি কন্টেইনার হ্যান্ডলিং হবে।
এটি বন্দরের জন্য একটি অন্যতম মাইলপলক। বন্দরের ইতিহাসে এর আগে আর কোনো অর্থবছরে ৩৫
লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়নি। এছাড়া চলতি অর্থবছরে শুধু কন্টেইনার হ্যান্ডলিং
বাড়বে এমন না, একই সময়ে কার্গো এবং জাহাজ হ্যান্ডলিংও বাড়ছে চট্টগ্রাম বন্দরে।
বন্দর
কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গতকাল
বুধবার পর্যন্ত চলতি অর্থ বছরের ১১ মাস ১৭ দিনে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং
হয়েছে ৩৩ লাখ ৮৪ হাজার ৮০৬ একক। বাকি ১৩ দিনে এটি ৩৫ লাখ একক ছাড়িয়ে যাবে।’
বিগত
সাত বছরের কন্টেইনার হ্যান্ডলিং বিশ্লেষণ করে দেখা যায়, ধারাবাহিকভাবে চট্টগ্রাম বন্দরে
বছর বছর কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ২৯
লাখ ১৯ হাজার ২৩ একক, ২০১৯-২০ অর্থবছরে ৩০ লাখ ৪ হাজার ১৪২ একক, ২০২০-২১ অর্থবছরে ৩০
লাখ ৯৭ হাজার ২৩৬ একক, ২০২১-২২ অর্থবছরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ একক, ২০২২-২৩ অর্থবছরে
৩০ লাখ ৭ হাজার ৩৭৫ একক, ২০২৩-২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ একক এবং সর্বশেষ ২০২৪-২৫
অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ একক।
এবার
বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে শ্রমিক কর্মচারীদের আন্দোলন, কাস্টমস কর্মকর্তাদের
কর্মবিরতি, ইরান-মার্কিন যুদ্ধসহ অনেক প্রতিকূল পরিস্থিতি পার করতে হয়েছে বন্দর কর্তৃপক্ষকে।
এরপরও কন্টেইনার হ্যান্ডলিংয়ে এই সাফল্য সম্পর্কে জানতে চাইলে মো. নাসির উদ্দিন বলেন,
‘গত কয়েক বছর ধরে বন্দরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে। বন্দরের অধিকাংশ
সেবা এখন ডিজিটাল প্রযুক্তি নির্ভর করা হয়েছে। এখন একজন আমদানিকারক চাইলে দিনে দিনে
কন্টেইনার খালাস নিতে পারেন। এছাড়া চলতি বছর দেশ থেকে রপ্তানি বেড়েছে। এসব কারণে ২০২৫-২৬
অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে।’
তিনি
বলেন, ‘অর্থবছর শেষ হওয়ার এখনও ১৩ দিন বাকি। এর মধ্যে ৩৪ লাখের কাছাকাছি কন্টেইনার
হ্যান্ডলিং হয়েছে। বাকি ১৩ দিনে গড়ে প্রতিদিন ১০ হাজার একক করে কন্টেইনার হ্যান্ডলিং
হলে সেটি ৩৫ লাখ ছাড়িয়ে যাবে।’