আসছে বাজেট
প্রতীকী ছবি
দেশের অর্থনৈতিক সংকট থেকে দ্রুত উত্তরণের লক্ষ্যে এবং নতুন সরকারের বাজেট ব্যয় নির্বাহের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে চার ডজনেরও বেশি পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে সরকারের এই অতিরিক্ত রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা সাধারণ মানুষের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বিগত রাজনৈতিক সরকারের অব্যবস্থাপনার কারণে গত তিন বছর ধরে দেশের মানুষ তীব্র মূল্যস্ফীতির শিকার। এমন পরিস্থিতিতে করের বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে চাল, গম, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি এবং চায়ের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর বিদ্যমান শূন্য দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা, উচ্চ সিসি বা সিলিন্ডার ক্ষমতার মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
রাজস্বের পরিধি বাড়াতে এনবিআর এবার অনলাইন বিপণন এজেন্টদের কমিশনের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং নির্মাণ খাতে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে।
লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি আসবে ভ্যাট থেকে
বিএনপির নেতৃত্বে গঠিত সদ্য নির্বাচিত নতুন সরকার দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকারি ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে। এ কারণেই নতুন মেয়াদের প্রথম বাজেটে এনবিআরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকার একটি বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকার চেয়ে ২০ শতাংশেরও বেশি। এই বিশাল লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা (৫১.৩ শতাংশ) আসবে ভ্যাট থেকে।
এ ছাড়া শুল্ক খাত থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৬৭ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সেবা খাতের আওতা বাড়িয়ে শতভাগ ১৫ শতাংশ ভ্যাটের আওতায় আনার জন্য চাপ দিয়ে আসছে।
পরোক্ষ কর বৃদ্ধির ফলে আয় বৈষম্য
অর্থনীতিবিদরা বলছেন, প্রত্যক্ষ করের চেয়ে ভ্যাট বা শুল্কের মতো পরোক্ষ করের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরী মনে করেন, পরোক্ষ কর বাড়ানোর অর্থ হলো পরোক্ষভাবে দরিদ্রদের ওপর বোঝা চাপানো এবং ধনীদের সুবিধা দেওয়া, যা শেষ পর্যন্ত সমাজে আয় বৈষম্য তৈরি করে।
ভ্যাট সংক্রান্ত এক গবেষণায় দেখা গেছে, একজন দরিদ্র মানুষ তার আয়ের ১২.১ শতাংশ ভ্যাট হিসেবে পরিশোধ করেন, যেখানে একজন ধনীর ক্ষেত্রে এই হার মাত্র ৫.৯ শতাংশ। সাধারণ মানুষের একটি বড় অংশই জানেন না মোবাইল ফোনের ব্যবহার, ওষুধ, গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনার সময় তারা প্রতিদিন রাষ্ট্রকে ভ্যাট দিচ্ছেন।
নতুন অর্থবছরে স্বস্তি চায় মানুষ
সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের আমলের অর্থনৈতিক অব্যবস্থাপনায় মানুষ বিপর্যস্ত। নতুন অর্থবছরে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি চায়। তাই বাজেট ঘোষণার আগে কর ও ভ্যাট আদায়ের প্রক্রিয়াটি এমনভাবে নির্ধারণ করা উচিত, যা সবার জন্য সহনীয় হয়।
রাজস্ব আদায়ের এই বিশাল ঘাটতির পেছনে কর প্রশাসনের দুর্বলতা এবং দুর্নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের ২০২৪ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, নীতিগত ও কমপ্লায়েন্সের দুর্বলতা না থাকলে বাংলাদেশ বর্তমানের চেয়ে তিন গুণ বেশি ভ্যাট আদায় করতে পারত। কর প্রশাসনের ধীরগতি, দুর্নীতি ও কর ছাড়ের কারণে ২০১১ সালে যেখানে কর-জিডিপি অনুপাত ছিল ৯.২ শতাংশ, ২০২৪ সালে তা নেমে এসেছে ৭ শতাংশের নিচে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের কাছাকাছি থাকলেও কর কর্মকর্তাদের দুর্নীতির কারণে কর-জিডিপি অনুপাত ক্রমাগত কমছ। শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে এনবিআর প্রতি বছরই সহজ পথ হিসেবে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা বজায় রাখছে।
অবশ্য এনবিআর এবার করের আওতা বাড়িয়ে প্রাতিষ্ঠানিক সংস্কারে মনোযোগ দিতে চাইছে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র আট লাখ। বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে ভ্যাটদাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করবেন। পাশাপাশি ভ্যাট ফাঁকি রোধে স্বয়ংক্রিয় বা অটোমেশন ব্যবস্থা জোরদার করবেন।