চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২০:৪৮ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২০:৫৭ পিএম
চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন চৌধুরী ও সহ-সভাপতি মোহাম্মদ মশিউল আলম স্বপন।
ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক। সোমবার (২৫ মে) দুপুরে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’ সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। একই সভায় পরিচালকদের ভোটে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী ও অ্যাসেসিয়েট গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউল আলম স্বপন।
চট্টগ্রাম চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’ সভা অনুষ্ঠিত হয়। চেম্বার নির্বাচন বোর্ডের উপস্থিতিতে এ সভায় নব নির্বাচিত পরিচালকরা সর্বসম্মতিক্রমে উক্ত প্রেসিডিয়াম গঠন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সদস্য মো. হেদায়েত উল্যাহ।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. আমিরুল হক জানান, দীর্ঘদিন পর চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে নেতৃত্ব নির্বাচনের যে সংস্কৃতি চালু হয়ে তা আগামীতে অব্যাহত রাখবেন। এছাড়া চট্টগ্রাম চেম্বারকে একটি আত্মমর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি চেম্বারের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে নতুন পরিচালনা পর্ষদ।
নির্বাচনে অর্ডিনারি গ্রুপ থেকে কামাল মোস্তফা চৌধুরী, এএসএম ইসমাইল খান, আবু হায়দার চৌধুরী, মো. আমজাদ হোসাইন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, আসাদ ইফতেখার, আমান উল্লা আল ছগির, মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শফিউল আলম এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী পরিচালক নির্বাচিত হন।
অ্যাসোসিয়েট গ্রপে মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, সরোয়ার আলম খান, মোহাম্মদ মশিউল আলম এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ পরিচালক নির্বাচিত হন।
ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। অন্যদিকে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সাজ্জাদ উন নবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।
প্রসঙ্গত, গত ২৩ মে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বে ইউনাইটেড বিজনেস ফোরাম এবং বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামের দুটি প্যানেল ঘোষণা করা হলেও শুক্রবার (২২ মে) সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এই অবস্থায় ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা পুর্ণ প্যানেলে বিজয়ী হয়।