টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৬:১৩ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬ ১৭:৫৯ পিএম
যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা|
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন রবিবার সকালে নিশ্চিত করেছেন|
আরও পড়ুন: যমুনা সেতু এলাকায় অসম্পূর্ণ চার লেন প্রকল্প, ঈদযাত্রায় যানজটের শঙ্কা |
তিনি জানান, ২৪ ঘণ্টায় সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩২ হাজার ৬৫৯টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩ টি যানবাহন পারাপার হয়েছে| এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা| অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬ টি যানবাহন পারাপার হয়েছে| এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা|
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে| এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে| আমরা সার্বক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছ “|
টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বাসসকে জানান, যানজট নিরসনে মহাসড়কের টাঙ্গাইলের অংশে জেলা পুলিশের আট শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া ট্রাফিক পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ধীরগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং অবৈধ পার্কিং ঠেকাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “এ মহাসড়কে যানবাহন বিকল হলে বা সড়কে দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত সরাতে বিভিন্ন পয়েন্টে সাতটি রেকার প্রস্তুত রাখা হয়েছে। মহাসড়কে যাতে ফিটনেসবিহীন গাড়ি ঢুকতে না পারে সে দিকে জেলা পুলিশ তৎপর রয়েছে। আশা করছি সবার সার্বিক ব্যবস্থাপনায় মহাসড়কে যানজট সৃষ্টি হবে না”।
১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে| বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)| সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে|