চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সিএসআর রুনি রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত চুক্তি স্বাক্ষর করেছে করতে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ এবং বিএসআরএম।
‘ফ্যামিলি হাউস সাপোর্ট ফর অল্টারনেটিভ কেয়ার ফেসিলিটিজ’ নামের এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৃহস্পতিবার। এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করা হয়।
এই চুক্তির আওতায় এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের ফ্যামিলি হাউসগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে বিএসআরএম। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, আবাসন ইত্যাদি সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অব সিএসআর রুনি রহমান।
অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, “বিএসআরএমের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দ্বিগুণ শক্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সক্ষম হবো বলে আমি আশাবাদী”।
এসওএস চিলড্রেনস ভিলেজের মতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারভিত্তিক পরিচর্যায় বেসরকারি খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ
বাংলাদেশে ৫৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস। ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারের জন্য পারিবারিক আদলে বিকল্প যত্ন, তরুণদের উন্নয়ন, শিক্ষা এবং জরুরি সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সামাজিক উন্নয়ন ও শিশু কল্যাণে অনন্য অবদানের জন্য সংস্থাটি মর্যাদাপূর্ণ ‘স্বাধীনতা পুরস্কারে’ ভূষিত হয়েছে।