প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৬ পিএম
ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল ৪- এ মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে শুক্রবার র্যাংগস লিমিটেড 'ঢাকা মোটর শো ২০২৬'- এ নতুন প্রিমিয়াম এসইউভি ‘মিতসুবিশি ডেস্টিনেটর’ উন্মোচন করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে মিতসুবিশি মটরসের অনুমোদিত র্যাংগস লিমিটেড 'ঢাকা মোটর শো ২০২৬'- এ নতুন প্রিমিয়াম এসইউভি ‘মিতসুবিশি ডেস্টিনেটর’ উন্মোচন করেছে।
ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল ৪- এ মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে শুক্রবার গাড়িটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়।
নতুন ‘ডেস্টিনেটর’ ৭ আসনের একটি প্রিমিয়াম এসইউভি, যা আধুনিক পরিবারের প্রয়োজন ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে মিতসুবিশির নির্ভরযোগ্যতা, আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং ব্যবহারিক সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, দেশের ক্রমবর্ধমান এসইউভি বাজারে নতুন মডেলটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের সিইও মুইদুর রহমান তানভীর বলেন, নতুন ডেস্টিনেটর দেশের গাড়ির বাজারে ‘গেম চেঞ্জার’ হতে পারে। তিনি জানান, পারফরম্যান্স, ব্যবহারিক সুবিধা ও প্রিমিয়াম কমফোর্টের কারণে এটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে। একই সঙ্গে ১ দশমিক ৫ লিটারের ইঞ্জিন হওয়ায় দেশের কর কাঠামোতেও এটি সুবিধাজনক অবস্থানে থাকবে।
র্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, পরিবারের সব সদস্যের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার ভাবনা থেকেই ডেস্টিনেটর তৈরি করা হয়েছে। তিনি জানান, প্রশস্ত কেবিন, ইয়ামাহা-টিউনড অডিও সিস্টেম এবং উন্নত কুলিং প্রযুক্তির মতো সুবিধা প্রতিটি ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে।
নতুন ডেস্টিনেটরে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড মেভিক ইঞ্জিন, যা ১৬৩ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম। এর সঙ্গে যুক্ত করা হয়েছে সিভিটি ট্রান্সমিশন। এছাড়া ১ হাজার ৪৯৯ সিসি ইঞ্জিন হওয়ায় এটি বাংলাদেশের কর কাঠামোয় প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে।
তাছাড়া গাড়িটির অভ্যন্তরে রয়েছে দুই রঙের কালো ও মেরুন প্রিমিয়াম কেবিন, হিট গার্ড প্রযুক্তিসম্পন্ন সিনথেটিক লেদার সিট এবং প্যানোরামিক সানরুফ। প্রযুক্তিগত সুবিধার মধ্যে রয়েছে ১২দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইয়ামাহার ৮ স্পিকারের সাউন্ড সিস্টেম।
নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে ছয়টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াক কন্ট্রোল, ফরওয়ার্ড কলিশন মিটিগেশন এবং শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচার। এছাড়া পেছনের যাত্রীদের জন্য আলাদা সিলিং এসি ভেন্ট, ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন, ডায়নামিক শিল্ড ডিজাইন, টি-শেপ এলইডি লাইট এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত করা হয়েছে।
র্যাংগস লিমিটেড জানিয়েছে, প্রযুক্তি, স্বাচ্ছন্দ্য ও প্রিমিয়াম অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি এই নতুন এসইউভি বাংলাদেশের পরিবারভিত্তিক গাড়ি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।