প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২০:৩৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ২০:৫৪ পিএম
কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) থেকে অনলাইনে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) প্রদান করা হয়েছে প্রায় ২৫ হাজার। গত বছরের ১ জানুয়ারি এই সেবা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকে সম্পূর্ণ অনলাইনে ইউপি জারি করা হচ্ছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ২৪ হাজার ৯৬৩টি ইউপি অনলাইনে ইস্যু করা হয়েছে, যা এ ব্যবস্থার কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত দলিল যাচাই সহজ করতে বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সঙ্গে সিবিএমএস-এর এপিআই সংযুক্ত করা হয়েছে। ফলে এখন আর প্রতিষ্ঠানগুলোকে সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হচ্ছে না।
সিবিএমএস-এর মাধ্যমে ইউপি ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) এবং বিজিএমইএ/বিকেএমইএ-এর ই-ইউপি সিস্টেমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
এর ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে, যা দেশের রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করছে এবং বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তুলতে জাতীয় রাজস্ব বোর্ড পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনার সব সেবা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।