প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২১:২৯ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ২১:৫৪ পিএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে ঈদের পর সংস্থাটির একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন দলের নেতৃত্ব দেবেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হতে পারে।
অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, সফরকালে প্রতিনিধিদলটির সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ বা ২৫ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হতে পারে। এছাড়া অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবে আইএমএফ দল। এসব বৈঠকে ঋণ কর্মসূচির অগ্রগতি, সংস্কার কার্যক্রম এবং পরবর্তী কিস্তির অর্থ ছাড়ের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচিতে যুক্ত হয়। শুরুতে কর্মসূচির আকার ছিল ৪৭০ কোটি মার্কিন ডলার। পরে তা বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে প্রায় ৩৬৪ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে গত বছরের ডিসেম্বরে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা থাকলেও তা এখনো পাওয়া যায়নি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে ঋণ কর্মসূচি অব্যাহত রাখা এবং বিভিন্ন সংস্কার পদক্ষেপের অগ্রগতি বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে রাজস্ব আহরণ বাড়ানো, করমুক্তির সুযোগ সীমিত করা এবং ভ্যাট ছাড় কমানোর বিষয়ও আলোচনায় আসতে পারে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বৈদেশিক অর্থায়নের প্রয়োজন বাড়ায় আইএমএফ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আহরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।