প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ২২:৩৯ পিএম
দেশের পুঁজিবাজারে গত এক বছরে নারী বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সার্বিকভাবে পুঁজিবাজার নিম্নমুখী আচরণ করায় গত এক বছরে বড় অংকের বিনিয়োগকারী বাজার ছেড়েছেন। এর মধ্যে নারী বিনিয়োগকারীরা তাদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবগুলোর মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি বন্ধ করেছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মার্চ পুঁজিবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪ হাজার ৩১১। গত ৮ মার্চ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪। অর্থাৎ বছরের ব্যবধানে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৫৪৭।
আলোচিত বছরটিতে সব ধরনের বিও হিসাবধারীর সংখ্যা কমেছে। তবে এ সময়ে মোট সংখ্যার বিবেচনায় পুরুষের তুলনায় নারী বিনিয়োগকারীরা অধিক হারে বাজার ছেড়েছেন।
গত বছরের ৯ মার্চ পুঁজিবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ১৫১। গত ৮ মার্চ যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারবাজারে মোট বিও হিসাব কমেছে ৩৫ হাজার ৩৭২। এর মধ্যে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ২২ হাজার ১৫৪ ৷ আলোচিত বছরের ব্যবধানে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ২০৮ থেকে ১২ লাখ ৪৩ হাজার ৫৪-তে নেমেছে।