প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২০:৫৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬ ২০:৫৮ পিএম
দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়লব্ধ অর্থ দেশে প্রত্যাবর্তন বা রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে একটি নতুন মাস্টার সার্কুলার জারি করা হয়েছে, যার মাধ্যমে বেসরকারি ও পাবলিক লিমিটেড কিন্তু শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানগুলোতে অ-নিবাসী বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর এবং বিক্রয়মূল্য প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ২০১৮ ও ২০২০ সালে জারি করা আগের নির্দেশনাগুলো একত্র করে হালনাগাদ করা হয়েছে। নতুন নির্দেশনায় বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াটি আরও পূর্বানুমানযোগ্য, কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি প্রয়োজনীয় নিয়ন্ত্রক সুরক্ষাও বজায় রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ক্ষমতা বৃদ্ধি, লেনদেনের সীমা বাড়ানো, মূল্যায়ন ও প্রতিবেদন পদ্ধতি সহজ করা, দ্রুত প্রক্রিয়াকরণের সময়সীমা নির্ধারণ এবং ব্যাংকের অভ্যন্তরে মূল্যায়ন ও অর্থ প্রত্যাবর্তন সংক্রান্ত আবেদন পর্যালোচনার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কার অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও অর্থ প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজ করতে বিডা ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের ক্যাপিটাল রিপ্যাট্রিয়েশন কমিটি গঠন করা হয়। বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি’র নেতৃত্বে গঠিত এই কমিটি গত বছরের ১৯ নভেম্বর সংস্কার প্যাকেজটি চূড়ান্ত করে।
নতুন নির্দেশনা অনুযায়ী এখন অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ডিলার ব্যাংকগুলো শেয়ার হস্তান্তর ও অর্থ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। ১ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে স্বাধীন মূল্যায়ন ছাড়াই ক্রেতা ও বিক্রেতার যৌথ ঘোষণার ভিত্তিতে লেনদেন সম্পন্ন করা যাবে। নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এডি ব্যাংকগুলো এখন ১০০ কোটি টাকা পর্যন্ত লেনদেন প্রক্রিয়া করতে পারবে।