প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১ পিএম
আবারও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে।
কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন।
আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পড়ায় তিন দফায় তিন মাস সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। প্রথমে রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। পরে তা আরেক দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। এরপর তা ২৮ ফেব্রুয়ারি করা হয়।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা এক কোটি ২৩ লাখ। আর এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। সে হিসাবে এখনও প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।