× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইআরডির প্রতিবেদন

বৈদেশিক ঋণ ও প্রতিশ্রুতি কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৮ পিএম

বৈদেশিক ঋণ ও প্রতিশ্রুতি কমেছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ১৩ দশমিক ৪২ শতাংশ এবং অর্থছাড় ২৯ দশমিক ২৩ শতাংশ কমেছে। তবে আগের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে; যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে বলে মত অর্থনীতিবিদদের। গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত বৈদেশিক ঋণ পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। 

ইআরডির কর্মকর্তারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে যায়, সেটা পর্যবেক্ষণ করছে উন্নয়ন সহযোগীরা। তাদের ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর অল্প কিছুদিন বাকি আছে। এরপর নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তখন তাদের পলিসিতে পরিবর্তন আসতে পারে। এজন্য এই মুহূর্তে তারা নতুন ঋণ প্রতিশ্রুতিতে না গিয়ে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। নতুন সরকার এলে ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি বেড়ে যাবে। 

ইআরডির প্রতিবেদনের তথ্য বলছে, অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে ১৯৯ কোটি ডলার; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২২৯ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার। 

চলতি অর্থবছরের প্রতিশ্রুত ঋণের মধ্যে অনুদান হিসেবে পাওয়া গেছে ৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ডলার এবং ঋণ হিসেবে পাওয়া গেছে ১৮৯ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে প্রতিশ্রুত ঋণের মধ্যে অনুদান হিসেবে পাওয়া গিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। আর ঋণ হিসেবে পাওয়া গিয়েছিল ২০০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার। 

অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থছাড় হয়েছে ২৪৯ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এটি ছিল ৩৫৩ কোটি ২৪ লাখ ৫০ হাজার ডলার। মোট অর্থছাড়ের মধ্যে চলতি অর্থবছরে ঋণ হিসেবে পাওয়া গেছে ২২৫ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ডলার। আর অনুদান পাওয়া গেছে ২৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে ঋণ পাওয়া গিয়েছিল ৩২৬ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার এবং অনুদান পাওয়া গিয়েছিল ২৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। 

ইআরডির প্রতিবেদনের তথ্য বলছে, ঋণের সুদ ও আসল পরিশোধও বেড়েছে উল্লেখযোগ্য হারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ছয় মাসে ঋণের সুদ ও আসল পরিশাধ করা হয়েছে ২১৯ কোটি ৫০ লাখ ২০ হাজার ডলার; যা দেশীয় মুদ্রায় ২ হাজার ৬৭৭ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে আসল পরিশোধ করা হয়েছে ১৪২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার বা ১ হাজার ৭৩৮ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা এবং সুদ পরিশোধ করা হয়েছে ৭৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ডলার বা ৯৩৮ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ঋণ পরিশোধ করা হয়েছিল ১৯৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ডলার বা দেশীয় মুদ্রায় ২ হাজার ৩৬৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজাার টাকা। এর মধ্যে আসল পরিশোধ করা হয়েছিল ১২৩ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার বা ১ হাজার ৪৭৩ কোটি ৬৪ লাখ ২০ হাজার টাকা এবং ঋণের সুদ পরিশোধ করা হয়েছে ৭৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার বা ৮৯৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ডলার। 

বরাবরের মতো অর্থছাড়ে এগিয়ে রয়েছে বিশ্বব্যাংক। তারা অর্থবছরের প্রথম ছয় মাসে ঋণছাড় করেছে ৫৪ কোটি ৯০ লাখ ৫০ হাজার ডলার। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। উন্নয়ন সহযোগী সংস্থাটি ৫১ কোটি ৯১ লাখ ৮০ হাজার ডলার অর্থছাড় করেছে। আমেরিকা ও জাপান ঋণছাড় করেছে ১২ কোটি ১৮ লাখ ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা