পুঁজিবাজার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫৮ পিএম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে নতুন করে ৯টি কোম্পানি যুক্ত হয়েছে। একই সঙ্গে এই সূচক থেকে বাদ পড়েছে ১৬টি কোম্পানি। নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক লেনদেন পর্যালোচনার পর ডিএসইএক্স সূচকে এই সমন্বয় করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) ডিএসই কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। প্রধান সূচক ডিএসইএক্সের পাশাপাশি বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটিও অর্ধবার্ষিক পর্যালোচনার ভিত্তিতে সমন্বয় করা হয়েছে। তাতে ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে তিনটি কোম্পানি। তার বদলে নতুন করে যুক্ত হয়েছে অন্য ৩টি কোম্পানি।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্স সূচকে নতুন করে যে ৯টি কোম্পানি যুক্ত হয়েছে, সেগুলো হলো : বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, সাফকো স্পিনিং মিলস, সার্প ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। এসব কোম্পানির মধ্যে ছয়টিই দুর্বল মৌল ভিত্তির জেড শ্রেণিভুক্ত কোম্পানি। দুটি ভালো মৌলভিত্তির এ শ্রেণিভুক্ত আর একটি মাঝারি মানের ‘বি’ শ্রেণিভুক্ত। ডিএসইএক্স সূচকে নতুন করে যুক্ত হওয়া জেড শ্রেণিভুক্ত কোম্পানিগুলো হলো : বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। আর এ শ্রেণিভুক্ত কোম্পানি দুটি হলো : হা-ওয়েল টেক্সটাইল ও নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স। আর ‘বি’ শ্রেণিভুক্ত কোম্পানি সার্প ইন্ডাস্ট্রিজ।
এদিকে ডিএসইএক্স সূচক থেকে যে ১৬টি কোম্পানি বাদ পড়েছে, সেগুলো হলো : অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড ক্যাপিটাল, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যানলিমা ইয়ার্ন, হামিদ ফেব্রিকস, মেঘনা পিইটি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার, ফনিক্স ফাইন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে ব্যাংক পাঁচটি বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় আছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করেছে। ফলে শেয়ারবাজারে ব্যাংকগুলোর লেনদেন বর্তমানে বন্ধ রয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে গণনায় বর্তমানে ৩২৬টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। ১৮ জানুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এই সূচক গণনায় অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা কমে দাঁড়াবে ৩১৯–এ।
এ ছাড়া বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো : মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিলস ও ফাইন ফুডস। আর এই সূচক থেকে বাদ পড়া কোম্পানি তিনটি হলো : হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
ডিএসইর লেনদেন নামল ৩০০ কোটির ঘরে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এরপরও ডিএসইর প্রধান সূচক বেড়েছে। তবে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচকের পতন হয়েছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে।
সোমবার লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৫টির। আর ৭৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৮৭টির দাম কমেছে এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৪টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৩৫টির দাম কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৬টির দাম বেড়েছে। বিপরীতে ৮টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৯৮ পয়েন্ট কমে ৯৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৪৯ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১২ কোটি ২৮ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৮ লাখ টাকা। এর মাধ্যমে ৯ কার্যদিবসের মধ্যে ডিএসইতে সবচেয়ে কম লেনদেন হয়েছে।
এদিন বাজারটিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৬ লাখ টাকার। ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুড, ক্রিস্টাল ইনস্যুরেন্স, চাটার্ড লাইফ ইনস্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম এবং সায়হাম কটন।
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৩টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৩ লাখ টাকা।