প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৭ পিএম
এক্স৯ডি স্মার্টফোন উন্মোচন করেছে অনার
দেশের বাজারে এক্স৯ডি মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ।
রবিবার (৪ জানুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটি নিজেদের তৈরি সর্বশেষ এ স্মার্টফোন উন্মোচন করে। অনুষ্ঠানে ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা।
অনার কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অগ্রিম বুকিং দেয়া যাবে।
কর্তৃপক্ষ আরও জানায়, টেকসই ও শক্তিশালী পারফরমেন্সের জন্য সাড়া ফেলেছে অনার এক্স৯ডি। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে স্মার্টফোনটি। এ পরীক্ষার সময় ৬.১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি ফেলে দেয়া হয়। এ উচ্চতা থেকে পড়েও ফোনটি অক্ষত ছিল, যা ফোনটির টেকসই গঠন ও স্থায়িত্বেরই প্রমাণ।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে অনার ক্রমাগত সফলতা অর্জন করছে। অনার বাংলাদেশের গত বছরের প্রবৃদ্ধি ২০০ শতাংশ। আমরা মনে করি, এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি উন্মোচনের মাধ্যমে এ বছরের শুরুটা অনারের জন্য খুব ভালো হয়েছে।”