প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭ পিএম
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের আয়োজনে চার দিনব্যাপী আবাসন মেলা কাল বুধবার শুরু হচ্ছে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এবারের মেলায় আবাসন, নির্মাণসামগ্রীসহ অন্যান্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ২২০টি স্টল থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) মেলার বিস্তারিত জানাতে সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিহ্যাব। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সহসভাপতি এমএ আউয়াল, মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবদুর রাজ্জাক, পরিচালক লাবিব বিল্লাহ, শেখ কামাল প্রমুখ।
রিহ্যাব সভাপতি বলেন, আবাসন খাত শুধু বাসস্থান তৈরি করছে না, বরং জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে। নির্মাণ খাতের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্পের বিকাশ হচ্ছে। দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ।
তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। উদ্বোধনী দিনের পর থেকে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
তিনি আরও জানান, মেলায় দর্শনার্থীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি- এই দুই ধরনের টিকিটের ব্যবস্থা থাকছে। সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা এবং মাল্টিপল ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট বিক্রির অর্থ সম্পূর্ণভাবে দুস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমে ব্যয় করা হবে। প্রতিদিন র্যাফল ড্রর মাধ্যমে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের রিহ্যাব ফেয়ারে চারটি ডায়মন্ড স্পন্সর, সাতটি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।
রিহ্যাব নেতারা জানান, দীর্ঘদিন ড্যাপ সংক্রান্ত জটিলতার কারণে আবাসন খাত স্থবির হয়ে পড়েছিল। তবে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ আবাসন খাতে নতুন গতি আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতারা বলেন, রিহ্যাব ফেয়ার ক্রেতাদের জন্য একটি অনন্য প্লাটফর্ম, যেখানে এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট কেনাবেচা, গৃহঋণ সুবিধা, বিনিয়োগ প্রতিষ্ঠান এবং আধুনিক নির্মাণসামগ্রী যাচাইয়ের সুযোগ পাওয়া যায়। ব্যস্ত জীবনে আলাদা আলাদা প্রতিষ্ঠানে ঘুরে তথ্য সংগ্রহের পরিবর্তে এ মেলা ক্রেতাদের জন্য সময় ও সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে।