প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২১:৫১ পিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বেশিরভাগই এখন লোকসানে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১২টি বড় ধরনের লোকসানে পড়েছে। এই তিন মাসেই লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৪৪২ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে লাভ করতে পেরেছে মাত্র ৭টি প্রতিষ্ঠান, যার সম্মিলিত লাভ ১৪৮ কোটি ১৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ২৩টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় প্রান্তিকে ১৯টি প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গত সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ১২টি প্রতিষ্ঠান লোকসান করেছে।
অন্যদিকে ৭টি প্রতিষ্ঠান লাভ করেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের সম্মিলিত লাভের পরিমাণ ১৪৮ কোটি ১৫ লাখ টাকা। পাশাপাশি জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে এসব প্রতিষ্ঠানের সম্মিলিত লাভের পরিমাণ ৩৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
লাভের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে বেশি লাভ করেছে আইডিএলসি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। এ ছাড়া ডিবিএইচ ফাইন্যান্স ৩২ দশমিক ৩৫ কোটি, লংকাবাংলা ফাইন্যান্স ১৯ দশমিক ৭৬ কোটি, আইপিডিসি ফাইন্যান্স ১১ দশমিক ১৬ কোটি, বিডি ফাইন্যান্স ৯ দশমিক ৫৮ কোটি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ৬ দশমিক ৭৫ কোটি এবং ইউনাইটেড ফাইন্যান্স ১ দশমিক ২ কোটি টাকা লাভ করেছে।
অন্যদিকে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৯ মাসে আইডিএলসি ফাইন্যান্স ১৭৬ দশমিক ২৭ কোটি, ডিবিএইচ ফাইন্যান্স ৭৪ দশমিক ৩৮ কোটি, লংকাবাংলা ফাইন্যান্স ৩০ দশমিক ৯৯ কোটি, আইপিডিসি ফাইন্যান্স ২৬ দশমিক ২১ কোটি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ১১ দশমিক ৯৮ কোটি, বিডি ফাইন্যান্স ১১ দশমিক ৪২ কোটি এবং ইউনাইটেড ফাইন্যান্স ৪ দশমিক ২৫ কোটি টাকা লাভ করেছে।
অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লোকসান করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে সম্মিলিত লোকসানের পরিমাণ ৪৪২ কোটি ৫০ লাখ টাকা। আর জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে আইসিবি ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসান দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৯২ লাখ টাকা।
লোকসানে থাকা এসব কোম্পানির মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আইসিবি সবচেয়ে বেশি লোকসান করেছে। সর্বশেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকাসান হয়েছে ১৫৩ দশমিক ২১ কোটি টাকা। এ ছাড়া এফএএস ফাইন্যান্স ৮০ দশমিক ৬৭ কোটি, জিএসপি ফাইন্যান্স ৫৮ দশমিক ৫৪ কোটি, ফনিক্স ফাইন্যান্স ৬১ দশমিক ৪৫ কোটি, মাইডাস ফাইন্যান্স ২০ দশমিক ৩৫ কোটি, ফার্স্ট ফাইন্যান্সের ১৩ দশমিক ৭২ কোটি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স ১৩ দশমিক ৬৪ কোটি, ইসলামিক ফাইন্যান্স ১২ দশমিক ২১ কোটি, ফারইস্ট ফাইন্যান্স ১০ দশমিক ৬৬ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ৮ দশমিক ১৮ কোটি, প্রিমিয়ার লিজিং ৫ দশমিক ৬৪ কোটি এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৪ দশমিক ১৬ কোটি টাকা লোকসান করেছে।
অন্যদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৯ মাসে এফএএস ফাইন্যান্স ২২৩ দশমিক ৪০ কোটি, জিএসপি ফাইন্যান্স ৮১ দশমিক ৯৭ কোটি, ফনিক্স ফাইন্যান্স ৩২৪ দশমিক ১৮ কোটি, মাইডাস ফাইন্যান্স ৬৬ দশমিক ৪৯ কোটি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স ১৪৮ দশমিক ৮৭ কোটি, ইসলামিক ফাইন্যান্স ২৭ দশমিক ১৬ কোটি, ফার্স্ট ফাইন্যান্সের ৫৭ দশমিক ২ কোটি, ফারইস্ট ফাইন্যান্স ৬১ দশমিক ৫১ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ৩৯ দশমিক ৫৭ কোটি, প্রিমিয়ার লিজিং ৬১ দশমিক ৯৪ কোটি এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ২৭ দশমিক ১৫ কোটি টাকা লোকসান করেছে। আর আইসিবি ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১ হাজার ২১৪ কোটি টাকা লোকসান করেছে। বাকি চারটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের তথ্য পাওয়া যায়নি।