প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:০১ পিএম
আগামী ১৬ ডিসেম্বর সারা দেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। প্রতীকী ছবি
ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়ার জন্য ঢাকার সড়ক অচল করে জনদুর্ভোগ সৃষ্টি করার পর আবারও নামার হুঁশিয়ারি দিলেও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থান নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।
এ অবস্থায় ফের আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।
বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা সাংবাদিকদের বলেন, ‘কিন্তু (বিটিআরসি) আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই।’
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
‘আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের (বুধবার) মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন,’ বলেন শামিম মোল্লা।
সরকার বলছে, দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
আগামী ১৬ ডিসেম্বর এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর করার কথা রয়েছে।