আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:০১ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ১৯:০৭ পিএম
মৎস্য সনদের জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে কোনো মাছ রপ্তানি করতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতে মাছ রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। এতদিন এই সনদ হাতে হাতে (ম্যানুয়ালি) পাওয়া গেলেও, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৩ নভেম্বর এক চিঠিতে জানায় যে এখন থেকে অনলাইনে এই সনদ নিতে হবে। তবে এ পরিবর্তন সম্পর্কে মৎস্য অফিসকে অবহিত না করায় তারা সনদ দিতে পারছে না।
তিনি আরও বলেন, গত বুধবার ১ কোটি ৯৩ লাখ টাকার মাছ রপ্তানি করা হয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি টাকার মাছ ভারত যায়। কিন্তু অনলাইন সনদ বাধ্যতামূলক হওয়ায় বৃহস্পতিবার থেকে মাছ রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, এনবিআরের নির্দেশনার বিষয়টি আগে জানা ছিল না। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। আজকের মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।