× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ব্যবসায়ীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ব্যবসায়ীরা

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, চাঁদাবাজির দৌরাত্ম্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রোজার আগে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হলে চাঁদাবাজি বন্ধ করা জরুরি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ দাবি জানান ঢাকার বিভিন্ন পাইকারি ও বাণিজ্য সংগঠনের নেতারা। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহমান খান।   

বুধবার (১২ নভেম্বর) মতিঝিলে ফেডারেশন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা খোলামেলা বক্তব্য দেন।

পুরান ঢাকার শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘করপোরেট ব্যবসায়ীরা সাধারণ মানুষকে শকুনের মতো শোষণ করছে। তিন টাকার মোড়ক দিয়ে পণ্যের দাম ৪০ টাকা বাড়িয়ে দিচ্ছে। অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির প্রলয় শুরু হয়েছে। ট্রাক থেকে পণ্য নামাতে ও তুলতে চাঁদা দিতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যেরও চাঁদাবাজদের সঙ্গে দহরম-মহরম রয়েছে। এগুলো বন্ধ করতে হবে।’

এফবিসিসিআইর সাবেক পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী খোকন বলেন, ‘ব্যবসায়ীদের কথা কেউ শোনে না। চাঁদাবাজমুক্ত পরিবেশ তৈরি না হলে বাজার স্থিতিশীল থাকবে না।’

চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, ‘সরকারের একার পক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। এক্ষেত্রে সরকার, বেসরকারি খাত এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সভার শুরুতে নিত্যপণ্যের বাজার সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন উপস্থাপন করেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর। প্রতিবেদনে বিভিন্ন সময় দেশের বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বাড়ার কারণ, নিয়ন্ত্রণের উপায়সহ গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। 

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে চিনি ও ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, মিল মালিকরা সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে আগামী রমজানে এসব পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না।

মিল মালিকদের প্রতিনিধিরা জানান, এ বছর চিনির বাজার অন্যান্য বছরের তুলনায় ভালো। আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কম। তবে প্রতি বছর শীতকালে কারখানায় গ্যাসের সরবরাহ বিঘ্নিত হয়। এমন হলে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে ভোজ্য তেল ব্যবসায়ীদের দাবি, বর্তমানে সরকার নির্ধারিত দরের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে সয়াবিন এবং পামওয়েল। সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী রমজানে তেলের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানান তারা। অন্যদিকে বাজার স্বাভাবিক রাখতে কিছু কিছু পণ্যের আমদানি শুল্ক পুনর্বিবেচনার কথাও জানান ব্যবসায়ীরা। এ ছাড়া বেসরকারি খাতের পাশাপাশি সরকারি উদ্যোগেও ভোজ্য তেল আমদানির পরামর্শ দেন তারা।

রমজান সামনে রেখে প্রতি বছরই নিত্যপণ্যের বাজার তদারকি জোরদার করে সরকারের বিভিন্ন সংস্থা। ব্যবসায়ীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই অভিযানের নামে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে হয়রানি করা হয়। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণে এফবিসিসিআই প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান জানান, সরকারি সংস্থাগুলোর অভিযানের উদ্দেশ্য হলো ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদেরও সুরক্ষা প্রদান। কাউকে অযথা হয়রানি করা তাদের লক্ষ্য নয়। এ সময় ব্যবসায়ীদেরও সরকারের আইনকানুন সঠিকভাবে অনুসরণ করে ব্যবসা করার আহ্বান জানান তিনি। সভায় উঠে আসা মূল্যবান পরামর্শ এবং মতামতগুলো দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানান এফবিসিসিআইর প্রশাসক।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসিসহ অন্য কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা