প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২২ ২০:৫৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২২ ২১:১৫ পিএম
রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সেমিনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ওটিটি প্ল্যাটফর্মের বৈশ্বিক বাজার দেশের অবস্থান শক্তিশালী করতে শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ণের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ আলমাস কবির।
তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্মের বৈশ্বিক বাজার ২০২৭ সাল নাগাদ ২৭৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সম্ভাবনাময় এই বাজার থেকে বিপুল আয়ের সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে হবে।
শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত রেগুলেশন অব ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস: দ্য নিড টু স্ট্রাইক দ্য রাইট ব্যালান্স শীর্ষক সেমিনারে এ তথ্য জানান আলমাস কবির।
তিনি বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে মনোযোগী হওয়ার পাশাপাশি দেশী-বিদেশি সব অনলাইন প্ল্যাটফর্মকে নিবন্ধনের আওতায় আনতে হবে।’
সেমিনারে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘নীতিমালার কারণে যেন নতুন এই সম্ভাবনাময় শিল্পের বিকাশ সংকুচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ ছাড়া বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয় কোন কোন বিষয় তদারকি করবে সে বিষয়গুলো সুস্পষ্ট করারও তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি।
তিনি বলেন, ’দেশে ডিজিটাল যেসব সুযোগ তৈরি হয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।’
দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল ও ডিজিটাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো ভূমিকা রাখছে। তাই সরকারের নিয়ন্ত্রণমূলক নীতিমালাগুলো এ খাতের বিকাশে সহযোগিতামূলক হওয়া জরুরি। একই বিষয়ে ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের ভিন্ন নীতিমালার কারণে ভবিষ্যতে জটিলতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন বলেন, ‘আদালতের নির্দেশেই দুটি মন্ত্রণালয় তার নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে নীতিমালার খসড়া প্রস্তত করেছে। তাই নীতিমালা দুটি সাংঘর্ষিক হবার কোন সুযোগ নেই।’
প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ’এ সংক্রান্ত নীতিমালার খসড়া সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রস্তুত করা হয়েছে। তারপরও সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন করে চূড়ান্ত নীতিমালা তৈরি করা হবে।’
মন্ত্রী আরো বলেন, ’আগামী জানুয়ারির মধ্যে দেশে ফাইভজির হোম নেটওয়ার্ক চালু হবে, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তিগত আধুনিকায়ন করা যাবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার রাশনা ইমাম।