প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৩ পিএম
মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. হুমায়ুন কবীর। সেখানে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বেলাল চৌধুরী বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা। তিনি এনবিআরের সদস্য (গ্রেড-২) হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সম্প্রতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল, ঢাকার প্রেসিডেন্ট পদে পদায়িত হয়েছিলেন।
এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।
এরপর এনবিআর কর্তৃপক্ষ তাকে আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে নিয়োগ দেয়, যা নিয়ে সমালোচনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বেলাল চৌধুরীকে ওএসডি করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।