× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্য দূর না হলে ন্যায্যতা আসবে না: রেহমান সোবহান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ২১:৫১ পিএম

বৈষম্য দূর না হলে ন্যায্যতা আসবে না: রেহমান সোবহান

বৈষম্য দূর না হলে সমাজে ন্যায্যতা আসবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। পাকিস্তান রাষ্ট্রই এই বৈষম্য সৃষ্টি করেছে। সে কারণে স্বাধীনতার পর জাতীয়করণের প্রয়োজন হয়েছিল বলে জানান তিনি। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ‘অ্যাপোসলস অব ডেভেলপমেন্ট: সিক্স ইকোনমিস্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দে মেইড’ শীর্ষক বই নিয়ে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইডিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক বিনায়ক সেন, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বইটির লেখক ডেভিড সি এঙ্গারম্যান।

অধ্যাপক রেহামান সোবহান বলেন, ‘এমন এক সময় ছিল, যখন অনেকেই মনে করতেন, উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্র প্রয়োজন। কিন্তু পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য বাজারব্যবস্থার কারণে ছিল না, ছিল রাষ্ট্রীয় কারণে। পাকিস্তান রাষ্ট্রই এই বৈষম্য সৃষ্টি করেছে। সে কারণে স্বাধীনতার পর জাতীয়করণের প্রয়োজন হয়েছিল। কেননা তখন সদ্য স্বাধীন বাংলাদেশে পুঁজি বা পুঁজিপতি ছিল না।’

তিনি বলেন, স্বাধীনতার পরে রাষ্ট্র নিয়ন্ত্রণে অর্থনীতি ও বেসরকারি খাতের সামাজিকীকরণ নীতিগতভাবে নেওয়া হলেও কাঠামোগত বৈষম্য ও দারিদ্র্য দূর করার মূল চ্যালেঞ্জ এখনও সমাধান হয়নি। এই বৈষম্য দূর না হলে সমাজে ন্যায্যতা আসবে না বলে মন্তব্য করেন তিনি।

রেহমান সোবহান বলেন, ‘সমাজের কাঠামোগত অন্যায় ও দারিদ্র্যের মূল কারণে মনোযোগ না দিলে প্রকৃত সমতা ও উন্নয়ন সম্ভব নয়।’

তিনি পরবর্তী প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, ‘সামাজিক সুরক্ষা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং কাঠামোগত পরিবর্তন একসঙ্গে না আনলে প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়।’ 

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা গত ২৫ বছরে নীতি নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু এখনো টেকসই শাসনব্যবস্থা ঠিক করতে পারিনি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এজন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাজারভিত্তিক অর্থনীতি থেকে সরে আসা সম্ভব নয়, কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন এই বাজারব্যবস্থা ন্যায্যতা ও সামাজিক সমতা রক্ষা করে।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণ সফল হলে ভবিষ্যতে নীতি নির্ধারণের নতুন অধ্যায় শুরু হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের আদর্শ ও অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হবে।’

দেশের রাজনীতিতে আদর্শিক বিভাজন থাকছে না মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো একটি মতবাদের প্রতি পুরোপুরি সমর্পণ-সেটা আর নেই। কে ডান আর কে বাম, তার মধ্যে বিভেদ দেখা যাচ্ছে না।’

সেমিনারে উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা