রংপুর ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম
বুধবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : প্রবা
রমজান উপলক্ষে আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ পেয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জিরো মার্জিন বা ন্যূনতম মার্জিনে এলসি খুলতে পারবেন। এতে অন্য ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার
(১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর ডায়াবেটিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ের শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেছেন,
‘আমদানির ক্ষেত্রে বাজারের অবস্থা বিবেচনা করে ডলারপ্রতি ১০৭ থেকে ১০৮ টাকা করে দেওয়া হচ্ছে। বাজারের ভারসাম্য
রক্ষায় রপ্তানির ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তা-ও বাড়িয়ে
ডলারপ্রতি ১০১ টাকা করা হয়েছে। তবে রেমিট্যান্সের
টাকা কম দেওয়া হচ্ছে না।’
বাণিজ্যমন্ত্রী
বলেন, ‘ডলারের
দাম বাড়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়েছে। সে হিসেবে
ডলারের মূল্য ধরে পণ্যের মূল্য নির্ধারণ করা হচ্ছে। তাই অন্যান্য
দেশের তুলনায় আমাদের দেশে মুদ্রাস্ফীতি কম রয়েছে। আমদানি ব্যয়
কমাতে প্রধানমন্ত্রী আমাদের সাশ্রয়ী হতে বলেছেন। দেশের শতকরা
৪০ ভাগ বিদ্যুৎ খরচ কম হয়েছে। বর্তমানে আমদানি
ও রপ্তানি সূচকের মধ্যে পার্থক্য কমে এসেছে। বিলাসজাত পণ্য
আমদানি কমিয়ে ডলার সাশ্রয় করা হচ্ছে।’
টিপু
মুনশি বলেন, ‘দেশে আমদানিনির্ভর পণ্য ডাল, তেল, চিনি এগুলোর দাম কিছুটা বেড়েছে। কারণ বিশ্ববাজারে
এসব পণ্যের দাম বাড়তি। তবে দেশে
কৃষিজাত পণ্যের দাম কম রয়েছে। আগামী দু-তিন মাস এমন পরিস্থিতি চলতে পারে। দেশের মানুষের
ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই যতদিন
পর্যন্ত প্রয়োজন ততদিন টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে।’
দেশের চলমান রাজনীতি সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন করবে এটা তাদের অধিকার। তবে সবচেয়ে বড় কথা হলো নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। রাজপথে থেকে কেউ কাউকে ক্ষমতা থেকে উঠিয়ে দেবে তা সম্ভব নয়। আমার অভিমত—গণতান্ত্রিক আন্দোলন করে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ করা উচিত।’