প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৩:৪৬ পিএম
ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন বাজারে গত দুই মাস ধরে সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কাঁচা পেঁপে ও আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ৮০ থেকে ২০০ টাকার মধ্যে, ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে প্রচুর পরিমাণে সবজি কেনা কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বাজারে পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা, করলো ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা। এছাড়া পটল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কুড়িলের জোয়ারা শাহারা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হাসনাত মুবারক বলেন, এত দাম থাকায় আমরা সাধারণত আধা কেজি বা আড়াই’শ গ্রাম করে সবজি কিনতে বাধ্য হচ্ছি। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। তবে সবজি ছাড়া আর কোনো উপায় নেই।
বাড্ডা বাজারের সবজি বিক্রেতা মমিনুল কবির বলেন, দাম বাড়ার কারণে আমাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। আগে যেখানে এক আইটেম ১৫-২০ কেজি আসত, এখন ৪-৫ কেজি আনলেও বিক্রি করতে পারি না।
রামপুরা বাজারের বিক্রেতা হালিম হোসেন জানান, অনেক সবজির এখন মৌসুম নয়, এছাড়া টানা বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ক্রেতারা কম পরিমাণে সবজি কিনছেন, যা আমাদের বিক্রির উপর প্রভাব ফেলছে।