× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে নিজস্ব ভবনে যাচ্ছে বিপিসির প্রধান কার্যালয়

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫ ২২:১১ পিএম

অবশেষে নিজস্ব ভবনে যাচ্ছে বিপিসির প্রধান কার্যালয়

দেশে আমদানি করা জ্বালানি তেলের প্রায় পুরোটাই আসে চট্টগ্রাম হয়ে। যে কারণে ১৯৯০ সালে দেশের জ্বালানি তেল আমদানি এবং বিপণনের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় স্থানান্তর করা হয় চট্টগ্রামে। এরপর ৩৪ বছর পার হলেও নিজস্ব ভবন তৈরি করতে পারেনি সংস্থাটি। নিজস্ব ভবন না থাকায় চট্টগ্রামে স্থানান্তর হওয়ার পর থেকে এখনও সংস্থাটির প্রধান কার্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া ভবনে। 

দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিলেও আলোর মুখ দেখেনি নতুন ভবন নির্মাণ প্রকল্প। অবশেষে বিপিসির সেই দুঃখ ঘুচতে যাচ্ছে। সদর দপ্তর চট্টগ্রামে আসার ৩৫ বছরের মাথায় চট্টগ্রাম নগরীর জয়পাহাড়ে একটি অফিস ভবন তৈরি করতে যাচ্ছে সংস্থাটি। ভবনটি নির্মাণ হলে সেখানেই প্রধান কার্যালয় স্থানান্তর হবে বলে জানিয়েছেন বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বাকলিয়ায় প্রধান কার্যালয়ের জন্য নির্ধারিত জায়গায় ২০ তলা ভবন না হওয়া পর্যন্ত এখানেই থাকবে বিপিসির প্রধান কার্যালয়। 

এ সম্পর্কে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রধান কার্যালয়ের জন্য বাকলিয়ায় একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে ২০ তলা ভবন নির্মাণের জন্য ড্রয়িং ডিজাইনের কাজও শেষ হয়েছিল। কিন্তু অ্যাপ্রোচ সড়ক, মামলার কারণে আমরা ভবনটি নির্মাণকাজ শুরু করতে পারিনি। বিএসসি তাদের ভবন সংস্কার করবে তাই বিপিসিকে ভবনটি ছেড়ে দিতে বলেছে। তাই আমরা আপাতত প্রধান কার্যালয় স্থানাস্তরের জন্য জয়পাহাড়ের এখানে একটি ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আগে থেকে আমাদের একটি খালি জায়গা ছিল, ওই জায়গায় ভবনটি নির্মাণ হওয়ার পর আমাদের প্রধান কার্যালয় সেখানে নিয়ে যাব। বাকলিয়ায় প্রধান কার্যালয় নির্মাণ না হওয়া পর্যন্ত প্রধান কার্যালয় সেখানেই থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভবনটির নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করার পর ড্রাই ডক ভবনটি নির্মাণের কাজ পেয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। প্রতিষ্ঠানটিকে আমরা কার্যাদেশও দিয়ে দিয়েছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আগামী ১৩ মে উপদেষ্টা মহোদয় চট্টগ্রাম এলে, তার নির্মাণকাজ পরিদর্শনের কথা রয়েছে। কাজ শুরুর পর আট মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হবে। এই হিসাবে আগামী বছরের জানুয়ারিতেই এই ভবনে প্রধান কার্যালয় স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।’

দেশের জ্বালানি তেল আমদানি এবং বিপণনের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বিপিসির সদর দপ্তর শুরুতে ছিল ঢাকায়। ১৯৯০ সালে সংস্থাটির সদর দপ্তর নিয়ে আসা হয় চট্টগ্রামে। তখন থেকেই চট্টগ্রামে সংস্থাটির প্রধান কার্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া ভবনে। চট্টগ্রামে প্রধান কার্যালয় নিয়ে আসার পর প্রথমে আগ্রাবাদে হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের ভবনে জায়গা ভাড়া নেয় বিপিসি। সেখানে ২০০০ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। এরপর ২০০১ সালে বিপিসির সদর দপ্তর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ভবনে স্থানান্তর করা হয়। 

বিপিসির অধীনে ইস্টর্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সমূহ চট্টগ্রামে অবস্থিত। দেশের অন্যতম বৃহৎ এই করপোরেশনের নিজস্ব কোনো ভবন না থাকায় সংস্থার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সংস্থার তহবিলে বিপুল অর্থ এবং নিজস্ব জায়গা থাকলেও বিপিসির প্রধান কার্যালয়ের জন্য নিজস্ব ভবন নির্মাণ করতে না পারার বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনা-সমালোচনার একপর্যায়ে ২০১৮ সালে নগরীর জামালখান এলাকায় প্রধান কার্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিপিসি। কিন্তু নানা কারণে সে সময় সেখানে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। 

এরপর কালুরঘাট থেকে চাক্তাই খালের মুখ পর্যন্ত নির্মিত বেড়িবাঁধ-কাম সড়কের পাশে বাকলিয়ার নোমান কলেজের সন্নিকটে ১ দশমিক ১৯ একর ভূমিতে বিপিসির প্রধান কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ভবন নির্মাণের জন্য ২০১৮ সালে নেওয়া হয় প্রকল্প। এজন্য পুরো জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়। চলছে ভূমি উন্নয়ন কার্যক্রম। কিন্তু মামলার কারণে ২০ তলা প্রধান কার্যালয় ভবন নির্মাণের এই প্রকল্পটি থমকে যায়। এর মধ্যে বিএসসি তাদের ভবনটি সংস্কার করার কথা বলে বিপিসিকে ভবন ছেড়ে দিতে বলে। তাই এখন নগরীর জামালখান এলাকার জয়পাহাড়ে অস্থায়ী ভবন নির্মাণ করে সেখানে প্রধান কার্যালয় স্থানাস্তরের সিদ্ধান্ত নেয় বিপিসি কর্তৃপক্ষ। 

বিপিসি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তা চট্টগ্রামে আসেন। ওই সময় বিপিসির চেয়ারম্যান ভবন নির্মাণের প্রস্তাবটি উপস্থাপন করলে জামালখানের সার্সন রোডে অবস্থিত বিপিসির নিজস্ব জয়পাহাড় জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত অব্যবহৃত খালি সমতল প্রায় ২ দশমিক ৪৫ একর জায়গাটি পরিদর্শন করেন। জায়গাটির সম্মুখভাগ মেইন রাস্তার সঙ্গে অবস্থিত, যার উত্তর পাশে নিজস্ব মসজিদ ও দক্ষিণ পাশে খালি নিজস্ব জায়গা এবং পূর্ব পাশে একমাত্র সমতল অব্যবহৃত ভূমির মধ্যে বড় কোনো গাছপালা না থাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপদেষ্টা বিপিসির জন্য একটি স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন। উপদেষ্টার নির্দেশক্রমে সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পাদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) সঙ্গে ২৭ কোটি ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ টাকায় চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ৮ মাসের মধ্যে কাজটি শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই নতুন ঘরে উঠতে চান কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা