প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২১:২৭ পিএম
মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এর ফলে এখন আগের চেয়ে বেশি টাকা জমা বা ক্যাশ-ইন এবং উত্তোলন বা ক্যাশ-আউট করা যাবে। এখন থেকে একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা বা ক্যাশ-ইন করতে পারবেন। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ-আউট করা যাবে। মাসে করা যাবে ২ লাখ টাকা।
মোবাইলে বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহকরা এসব হিসাবে ৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন। আগে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা রাখার সুযোগ ছিল। এ ছাড়া লেনদেন সংখ্যার সীমা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের নতুন সীমা নির্ধারণ করে দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা মতে, এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এতদিন দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যাবে। এতদিন দিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। আর মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সুবিধা ছিল।
এ ছাড়া ব্যবসা থেকে ব্যক্তিতে অর্থ প্রেরণ (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। আর হিসাবের স্থিতির সীমা ৩ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। তবে আগের সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় গ্রাহকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, অনেক সময় জরুরি হ্যান্ড ক্যাশ দরকার। আমার বিকাশেও টাকা আছে। কিন্তু ক্যাশ আউটের সীমার কারণে টাকা কাজে লাগাতে পারছি না। এ জন্য এক দিন অপেক্ষা করতে হচ্ছে। বিষয়টা নিয়ে কিছুটা ভোগান্তিতেই পড়তে হতো। এখন পুরোপুরি না হলেও এই সমস্যার সমাধান হয়েছে।
মো. সিদ্দিক হোসেন নামে মোবাইল ব্যাংকিংয়ের এক গ্রাহক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ক্যাশ ইন বা ক্যাশ আউটের যে সীমা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করেছে, সেটা বাস্তবসম্মত ছিল না। এখন যা বাড়াল তাও খুব একটা বেশি না। আরও বাড়ানো উচিত। সীমা যত বাড়বে, এই খাত তত দ্রুত ভালো করবে। জরুরি প্রয়োজনে অনেক সময় টাকা ক্যাশ করতে গিয়ে সর্বোচ্চ লিমিটেডের বাধায় আটকে যায় মানুষ। এই বাধা জিইয়ে রাখা ঠিক নয়। অপরাধ হচ্ছে এ জন্য এই খাতের গলা চেপে ধরা ঠিক না। এ জন্য সরকারকে আরও আধুনিক হতে হবে। যাতে অপরাধ না বাড়ে।