প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১ হাজার ৯৬৯ জন শিক্ষার্থীকে সনদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৫তম সমাবর্তন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৫০ জন স্নাতক ও ৪১৯ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী দুই স্নাতক শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
সমাবর্তন বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘আজকে যারা স্নাতক হলে, ভবিষ্যতে যা কিছুই করো না কেন, কর্মক্ষেত্রে সফল হতে হলে তোমাদের দুটি অস্ত্র থাকতে হবে। বন্দুক কামান নয়, অন্য অস্ত্র, যা দিয়ে তুমি গোটা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করবে। তার মধ্যে একটি হলো ইংরেজি বলা ও লেখার দক্ষতা। আরেকটি হলো কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এ দুই রকম দক্ষতা থাকলে তোমরা যেকোনো কর্মক্ষেত্রেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন,‘যদি কোনো দায়িত্ব নাও, সেটা সঠিকভাবে পালন করাই তোমার কর্তব্য। এমন কোনো পেশা বেছে নিয়ো না, যা তোমার পছন্দ নয়। যেটা ভালো লাগে, সেটাই কর। কারণ জীবনে প্রকৃত তৃপ্তি তখনই আসবে, যখন তুমি তোমার কাজ উপভোগ করবে। এটাই সময় যদি আংশিকভাবে কোনো পেশার দিকে এগিয়ে গিয়েও থাক, তবু মনে রেখো, কিছুই চূড়ান্ত নয়। এখনও তোমার সামনে সুযোগ আছে। চিন্তা কর, কোন পথটি তোমার জন্য সবচেয়ে ভালো। ধর, তুমি একজন প্রকৌশলী, কিন্তু অনেক প্রকৌশলীই সমাজকর্ম, অর্থনীতি কিংবা অন্য ক্ষেত্রেও কাজ করেন। মানুষ বদলায়, কিন্তু সেই পরিবর্তনটা হতে হবে অর্থবহ ও আন্তরিক।’
অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, ‘উন্নতির মূল চাবিকাঠি লুকিয়ে আছে উদ্ভাবনে।’