প্রবা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ২০:৩৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ২০:৫১ পিএম
অ্যাপেই রাইডারদের বকশিস (টিপ) দিতে সম্প্রতি ‘টিপ ইউর রাইডার’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। ফুডপান্ডা প্ল্যাটফর্মে অর্ডার করার সময় টিপ দেওয়ার এ ফিচার ব্যবহার করা যাবে।
ফুডপান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুডপান্ডা অ্যাপ থেকে অর্ডার করার সময় খুব সহজেই টিপের জন্য বিভিন্ন পরিমাণ অর্থ নির্বাচন করা যাবে। গ্রাহকরা সর্বনিম্ন ১০ টাকা টিপ দিতে পারবেন। অ্যাপের চেক আউট পেজ অথবা ওয়েবসাইটের কার্ট পেজে টিপের অর্থসহ মোট বিল দেখা যাবে।
ফুডপান্ডার রাইডার পার্টনার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে আমাদের টিপ দিতে পারেন এবং আমরা তা খুব সহজে গ্রহণ করতে পারি। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এ ফিচার চালু করায় আমরা খুশি। আমাদের সহযোগিতা করার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সমৃদ্ধির জন্য এমন উদ্যোগ নেওয়ায় ফুডপান্ডাকে ধন্যবাদ জানাই।’
গ্রাহকদের দেওয়া টিপের পুরো অর্থ সরাসরি রাইডারদের অ্যাকাউন্টে যোগ হবে। গ্রাহক আগ্রহী হলেই কেবল এ ফিচার ব্যবহার করে রাইডারদের টিপ দিতে পারবেন। শুধু ব্যাংকের কার্ড বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে অনলাইন পেইমেন্টের ক্ষেত্রে অ্যাপে থাকা অপশনের মাধ্যমে বিভিন্ন পরিমাণ অর্থ টিপ হিসেবে রাইডারদের দিতে পারবেন গ্রাহক।
ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা বলেন, ‘আমরা অনলাইনভিত্তিক টিপিং সিস্টেম চালু করেছি, যাতে করে গ্রাহকরা রাইডারদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পান। কারণ সেবা নেওয়ার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা রাইডারদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন।’