চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২২:২৪ পিএম
মুহাম্মদ আনোয়ার পাশা।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার বর্তমান মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।
এর আগে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ ২৪ জন সদস্যের সকলে পদত্যাগ করেন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকারের অনুমোদনক্রমে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক নিয়োগ করে আদেশ জারী করা হয়। আদেশে ১২০ দিনের মধ্যে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতঃ নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চেম্বারের চলমান সদস্য নবায়ন কার্যক্রম সুচারুরূপে সম্পাদন ও নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতকরণ ও সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিতকরণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য ব্যবসায়ীরা চেম্বার প্রশাসক বরাবর দাবি জানান। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বাণিজ্য সংগঠনের কাছে চেম্বার থেকে প্রশাসকের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। ওই পত্র পাওয়ার পর মঙ্গলবার বর্তমান প্রশাসকের মেয়াদ নতুন করে ৯০ দিন বৃদ্ধি করা হয়।