× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

ইন্টারনেট বন্ধে এটিএম-ক্রেডিটকার্ড লেনদেনে ধস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৮ পিএম

বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক।

দেশে পুরো জুলাই মাসজুড়ে ছাত্র-জনতার আন্দোলন চলে। আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এতে ভয়াবহ প্রভাব পড়ে ব্যাংকিং খাতে। এছাড়াও আন্দোলন চলাকালে হামলা-লুট হওয়ার ভয়ে বন্ধ রাখা হয় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার এটিএম বুথ। এতে টাকা তুলতে পারেনি গ্রাহক। ফলে জুলাই মাসে এটিএম কার্ডে লেনদেন কমেছে ১০ হাজার কোটি টাকারও বেশি। শুধু এটিএম কার্ড লেনদেনই নয়। ব্যাপক হারে কমেছে ক্রেডিট কার্ডের লেনদেনও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে এটিএম, পস, সিএআরএম ও ই-কমার্সে ট্রানজেকশনে লেনদেন হয়েছে ৪০ হাজার ৮৩৯ কোটি টাকা। যা তার আগের মাস জুনে ছিল ৫১ হাজার ৬৫২ কোটি টাকা। সে হিসেবে লেনদেন কম হয়েছে ১০ হাজার ৮১২ কোটি টাকা বা ২১ শতাংশ। এছাড়াও জুলাই মাসে ট্রানজেকশন হয়েছে ৪ কোটি ৩২ লাখ ১৩ হাজার টি, যেখানে আগের মাসে হয়েছিল ৫ কোটি ২৯ লাখ ৫৩ হাজার টি। লেনদেন কমেছে প্রায় ৯৭ লাখ ২৪ হাজার টি। 

প্রতিবেদন বলছে, জুলাই মাসে এটিএম বুথে লেনদেন হয়েছে ২৩ হাজার ৭৩৬ কোটি টাকা। জুন মাসে লেনদেন হয়েছিল ৩১ হাজার ১৩৭ কোটি টাকা। লেনদেন কমেছে ৭ হাজার ৪৯১ কোটি টাকা। এছাড়াও গত জুলাই মাসে বিভিন্ন দোকান, বিপনি বিতানে পস মেশিনের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৭১৩ কোটি টাকা। তার আগের মাস জুনে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৯৯ কোটি টাকা। সে হিসেবে লেনদেন কম হয়েছে প্রায় ৪৮৫ কোটি টাকা। জুলাই মাসে লেনদেনে ভাটা পড়ে ই-কমার্সেও। কারণ ই-কমার্স খাত পুরোপুরি ইন্টারনেটের ওপর নির্ভশীল। আর ওই মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকে ইন্টারনেট। ওই মাসে ই-কমার্স খাতে লেনদেন হয় ১ হাজার ৪৪৮ কোটি টাকা। তার আগের মাসে হয়েছিল ১ হাজার ৬৮৮ কোটি টাকা। লেনদেন কম হয়েছে ২৪০ কোটি টাকা।

এদিকে জুলাই মাসের আন্দোলন ও ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাপক পতন হয়েছে ক্রেডিট কার্ড লেনদেনেও। দেশে বিদেশে সবখানেই কমেছে ক্রেডিট কার্ড লেনদেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত জুলাই মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২ হাজার ৩৪২ কোটি টাকা, যা জুন মাসে ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকা। অর্থাৎ ক্রেডিট কার্ডে দেশের অভ্যন্তরে লেনদেন কমেছে ৩৭৩ কোটি টাকা বা ১৪ শতাংশ। এসময় দেশের অভ্যন্তরে বিদেশিরা খরচ করেছেন ১৩৬ কোটি টাকা। যা জুন মাসে ছিল ১৭৬ কোটি টাকা। খরচ কমেছে প্রায় ৪০ কোটি টাকা।

একই সময়ে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ১৯৬ কোটি, খুচরা দোকানে ৩১৮ কোটি, ইউটিলিটি বাবদ ২০৮ কোটি, নগদ উত্তোলন ১৭১ কোটি, কাপড় কেনায় ৮৯ কোটি, ফার্মেসিতে ১৪০ কোটি, ফান্ড স্থানান্তর ৭৬ কোটি, পরিবহনে ৭০ কোটি, বিজনেস সার্ভিস ৪২ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৮ কোটি ও সরকারি সেবায় ১০ কোটি টাকা। গত জুন মাসে যার প্রত্যেকটি সূচকে খরচ বেশি ছিল। এছাড়াও, দেশের ভেতর জুলাইয়ে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৬৯২ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে ৪১৫ কোটি, অ্যামেক্সে ২৩১ কোটিসহ আরও বেশ কয়েকটি কার্ডের মাধ্যমে বাকি টাকা ব্যয় করা হয়।

প্রতি মাসেই ক্রেডিট কাডের মাধ্যমে দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ খরচ করেন বাংলাদেশিরা। এর মধ্যে শীর্ষ অবস্থানে থাকে ভারত। কিন্তু জুলাই মাসে ভিন্ন চিত্র দেখা গেছে। পুরো জুলাই মাস জুড়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৭৫ কোটি টাকা ব্যয় করেছেন। যা জুন মাসে ছিল ৫২৪ কোটি টাকা। অর্থাৎ এক জুলাইয়ে খরচ কমেছে প্রায় ৫০ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশিরা সব থেকে বেশি ৮০ কোটি টাকা যুক্তরাষ্ট্রে খরচ করেছে। ভারতে খরচ করেছে ৭৩ কোটি টাকা। অথচ তার আগের মাসে যুক্তরাষ্টে খরচ ছিল ৭৭ কোটি ও ভারতে ছিল ৯২ কোটি টাকা। এছাড়াও বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাইল্যান্ডে ৫০ কোটি, যুক্তরাজ্যে ৩৯ কোটি টাকা খরচ করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা