প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম
পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠকের পর সংবাদ সম্মেলন করা হয়। প্রবা ফটো
জ্বালানি চুক্তিসহ যেসব ঋণ চুক্তি হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, ‘আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে মতবিনিময় করব। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে।’
দেবপ্রিয় ছাড়া শ্বেতপত্র প্রণয়ন কমিটির বাকি ১১ সদস্য হলেন, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম. তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরুর) প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম আরিফা সিদ্দিকী।