প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ২০:৩৮ পিএম
ছবি: সংগৃহিত
চলমান পরিস্থিতিতে সরবরাহকারী ও ক্রেতাদের ঋণ সহায়তার আওতায় সার, শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে দায় পরিশোধের সময় আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তবে এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত রাখা হয়েছে। আর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনে দেওয়া এ নীতি সহায়তার বিষয়টি নিশ্চিত করতে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ সুবিধা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জুলাইয়ে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এলসি পরিশোধের মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তার আগে, ব্যবসায়ী নেতারা উল্লেখিত পণ্যের কাঁচামাল আমদানিতে এলসির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন করার দাবি জানিয়ে আসছিল।