প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪ ১৭:৫৩ পিএম
বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির আগ্রহ প্রকাশ করেছে মিসর। একইসঙ্গে মিসরের পাটশিল্পের উন্নয়নে এ দেশের পাটশিল্পের অতীত অভিজ্ঞতা ব্যবহার করে যৌথভাবে কাজ করতে চায় দেশটি। এছাড়া আফ্রিকায় বাণিজ্য প্রসারে মিসর হতে পারে ‘গেটওয়ে’।
রবিবার (২৩ জুন) সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। এ সময় তার দেশের সরকারের এই আগ্রহের কথা জানান তিনি।
আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা উল্লেখ করে জানান, বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। বিনিয়োগ হলে দক্ষিণ-পূর্ব এশিয়া, আসিয়ান দেশগুলোর বাজার সুবিধা এ দেশ থেকে ব্যবহার করা যাবে। বিনিয়োগে আগ্রহী মিসরের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা এ দেশে আসলে বিনিয়োগের সুযোগ আরও বাড়বে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়াধীন দপ্তরসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এলডিসি উত্তরণে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেবা সহজ করতে ডিজিটাইজেশন বাড়াতে হবে। দপ্তরগুলোর মধ্যে সম্পর্ক আরও সহজ করতে কাজ করতে হবে।
এসময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুস সালেহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ ও নাহিদা আফরোজ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোর প্রধানেরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।