প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:১৭ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩ ১৯:১৯ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘রূপসী বাংলা’ আলোকচিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান করা হবে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ বছর বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রিয়াজ আহমেদ সুজন, দ্বিতীয় মোহাম্মদ পনির হোসাইন, তৃতীয় স্থান অধিকার করেছেন লুৎফর রহমান। এছাড়াও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মাহবুব হোসেন খানকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এ বছর বরেণ্য শিল্পী সম্মাননা পাচ্ছেন স্বপন সরকার ও এ কে এম মহসীন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পর্যায়ক্রমে ৪০, ৩০ ও ২০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া বিশেষ পুরস্কার জয়ীদের ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মুফতী মুনীর ও মীর মহিউদ্দিন সোহান। তাদের সবাইকে নগদ ২০ হাজার টাকা, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন মুফতী মুনীরের স্ত্রী নাজমা পারভীন ও মীর মহিউদ্দিন সোহানের স্ত্রী হোসনে আরা সোহান।
পুরস্কার বিতরণী শেষে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনায় ও রীতা নাহারের গ্রন্থনায় পরিবেশিত হবে কোরিগ্রাফি ‘রোহিঙ্গা নামা’। থাকছে সমবেত নৃত্য ‘আজ যতো যুদ্ধরাজ’।
জাতীয় চিত্রশালার ২নং গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা ও শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।