প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ২২:১৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১১:০৮ এএম
মহান মুক্তিযুদ্ধে নারীর অবদান রঙতুলির আঁচড়ে তুলে এনেছেন একাত্তরের প্রজন্মের নয় নারী শিল্পী। তাদের আঁকা ছবিগুলো নিয়ে শুক্রবার (৭ জুলাই) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ‘শেকড়ের সন্ধানে’। নয় শিল্পীর দল কালারস-এর আয়োজনে এটি দশম প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
নয় শিল্পী হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মনিরা সুলতানা মুক্তা, মরজিয়া বেগম, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা, রেফাত জাহান কান্তা, রেহানা ইয়াসমিন ও শায়লা আক্তার।
প্রদর্শনী নিয়ে রেফাত জাহান কান্তা বলেন, আমাদের কারও জন্ম মুক্তিযুদ্ধের ঠিক আগে, কারও মুক্তিযুদ্ধ চলাকালে, কারও সদ্যস্বাধীন দেশে। ফলে এ প্রদর্শনী মুক্তিযুদ্ধবিষয়ক কোনো বয়ান নয়, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনুসন্ধানের এক প্রকাশ। সেই দুর্যোগপূর্ণ সময়ে অকুতোভয় নারীদের পরিস্থিতি ও তার বিপরীতে তাদের সংগ্রামের গল্প বলতে চেয়েছি আমরা। তাদের অপরিমেয় ত্যাগ ও সংগ্রামের গল্পগুলো খুঁজে গিয়েছি আমরা।
‘শেকড়ের সন্ধানে’ প্রদর্শনীটি চলবে ১৭ জুলাই পর্যন্ত। সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।