প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৩:৩৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩ ১৫:১৬ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন। প্রবা ফটো
বাংলাদেশের মঞ্চনাটকের নির্দেশক, অভিনেতা ও কলাকুশলীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চলমান সংকট নিরসনে ‘সাধারণ নাট্যকর্মীরা’ এবার আন্দোলন মঞ্চ গঠন করেছেন। নতুন এ আন্দোলন মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘সাধারণ নাট্যকর্মী ঐক্য’।
শনিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সাধারণ নাট্যকর্মী ঐক্যের মুখ্য সমন্বয়ক নাট্য নির্দেশক মোহাম্মদ বারী তার লিখিত বক্তব্যে এ ঘোষণা দিয়ে বলেন, ‘থিয়েটারে নেতৃত্বের অদূরদর্শিতা, নিষ্ক্রিয়তা ও একগুঁয়ে মনোভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোয় দেশের নাট্যচর্চায় দিশাহীনতা, অনৈক্য ও অনিশ্চয়তার বাতাবরণসহ নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এসব নিরসনে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখা এবং এ কর্মসূচিসমূহ সমন্বিত করতে একটি আন্দোলনমুখী মঞ্চ (প্ল্যাটফর্ম) গঠন করা জরুরি।’
নতুন এ আন্দোলন মঞ্চ সাধারণ নাট্যকর্মীদের মাঝে ঐক্য তৈরি করে নাট্যকর্মীদের অধিকার আদায় ও নাটকের উন্নয়নের স্বার্থে কাজ করার নতুন উদ্যোগ গ্রহণ করবে বলে জানান মোহাম্মদ বারী।
তিনি বলেন, ‘সাধারণ নাট্যকর্মী ঐক্যের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনে এ মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ১৩ জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ সমন্বয় কমিটি সাধারণ নাট্যকর্মী ঐক্যের কর্মকাণ্ড পরিচালনা ও সমন্বয় করবে। ভবিষ্যতে প্রয়োজনে সমন্বয় কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে।’
মোহাম্মদ বারী বলেন, ‘জুলাইয়ের প্রথম সপ্তায় সারা দেশের নাট্যকর্মীদের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া শুরু করা হবে।’
নাট্যকর্মীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে আঞ্চলিক পর্যায়ে সমন্বয় সভা করা হবে। এ ছাড়া সারা দেশের নাট্যকর্মীদের মতামতের ভিত্তিতে যত দ্রুত সম্ভব ঢাকায় জাতীয় সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সাধারণ নাট্যকর্মী ঐক্য ১১ দফা দাবি নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এ দুই পদে একই ব্যক্তি হিসেবে লিয়াকত আলী লাকী থাকতে পারবেন না। তাকে ফেডারেশানের পদ থেকে পদত্যাগের দাবি জানান ‘সাধারণ নাট্যকর্মীরা’।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আর্থিক অনিয়ম বিষয়ে বিভিন্ন পক্ষের উত্থাপিত অভিযোগসমূহ তদন্তের জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়দায়িত্ব নিরূপণ করতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নাট্য আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্য নির্দেশক আহমেদ ইকবাল হায়দার, বিপ্লব প্রসাদ, শহীদুজ্জামান সেলিম, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, সাইফুদ্দিন আহমেদ দুলাল, আমিনুর রহমান মুকুল।