প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৩ ২৩:৩৬ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ১১:৩২ এএম
বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সভা। প্রবা ফটো
ঢাকায় চায়না কালচারাল সেন্টার করার পরামর্শ দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। এতে দুই দেশের মধ্যে যেমন সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী হবে, তেমনি বাংলা ও চীনা ভাষায় নতুন নতুন বই প্রকাশের পথ মসৃণ হবে।
বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এক সভায় নূরুল হুদা চীনা কর্তৃপক্ষের প্রতি এ পরামর্শ দেন। ‘সিএমজির নতুন উদ্যোগ : চীন-বিষয়ক বই প্রকাশ’ শিরোনামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সম্মানিত অতিথি ছেলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকায় চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউ লি ওয়েন এবং বেইজিং থেকে অনলাইনে যুক্ত হন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ গুয়াং আনন্দি, সাংবাদিক আলিমুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশে চীন-সম্পর্কিত বই প্রকাশে বাধা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন লেখক শাকুর মজিদ, মশিউল আলম, সেলিম সোলায়মান, মনসুর আজিজ, ইমরুল কায়েস ও জহিরুল ইসলাম এবং প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, মেজবা উদ্দিন আহমেদ, হাসান তারেক প্রমুখ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, যেকোনো দেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে সে দেশের বইগুলো নিয়ে যেতে হয়, সে দেশের শ্রেষ্ঠ মানুষদের নিয়ে যেতে হয়। তিনি বলেন, অনুবাদ করতে হলে যে ভাষা থেকে অনুবদ করা হয়, সে ভাষা খুব ভালোভাবে জানতে হবে। আর যে ভাষায় অনুবাদ করা হবে সে ভাষার সৃজনশীল মানুষ হতে হবে। দুই দেশের সংস্কৃতি বিনিময়ের কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করতে হবে।
ঢাকাস্থ চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউ লি ওয়েন বলেন, বক্তাদের পরামর্শ অনুযায়ী শিগগিরই তারা দুই দেশের সংস্কৃতি বিনিময়ে কাজ শুরু করবেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমজি বাংলা বিভাগের সাংবাদিক ও কবি শান্তা মারিয়া।