সাংস্কৃতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৬:২৮ পিএম
ঢাকার বনানীর ১৮ নম্বর রোডের (জে ব্লক) নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দি আর্টিস্ট ক্লাব লিমিটেডের কার্যক্রম তুলে ধরা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের সকল স্তরের শিল্পীদের অধিকার আদায়, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দি আর্টিস্ট ক্লাব লিমিটেড।
ঢাকার বনানীর ১৮ নম্বর রোডের (জে ব্লক) নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সংগঠনের সভাপতি সংগীতশিল্পী সুজিত মুস্তাফা। সাধারণ সম্পাদক নাট্যশিল্পী মারুফ কবির ও কোষাধ্যক্ষ কবি ফরিদ কবিরও এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, সিগমা কবির, রাবিউল মাহমুদ ইয়াং, তানুজা হাবিব, ড. খোশরোজ সামাদ ও শাফিকা আফরোজ তালুকদার।
গেল বছরের ১৫ আগস্ট প্রতিষ্ঠা করা এই ক্লাবের বিষয়ে সুজিত মুস্তাফা বলেন, “দেশের সকল স্তরের ও সকল মাধ্যমের শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করতে এবং একই সঙ্গে শিল্প-সাহিত্যের উন্নয়নে কাজ করতে এ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন শিল্পমাধ্যমের ১২১ জন শিল্পী, সাহিত্যিক ও শিল্পানুরাগীদের সমন্বয়ে এ ক্লাবটি যাত্রা শুরু করেছে”।
“এটি শুধু শিল্পী-সাহিত্যিকদের একটি মিলনক্ষেত্র বা ক্লাব নয়, এটি লেখক-শিল্পীদের অধিকার আদায় ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার একটি শক্তিশালী প্ল্যাটফর্মও। আদর্শিক অনৈক্য ও আর্থিক প্রতিকূলতা ভেঙে শিল্পী-সাহিত্যিকদের জন্য একটি অনন্য মিলনক্ষেত্র প্রতিষ্ঠা করা এবং দেশের সকল শিল্পমাধ্যমের শিল্পী ও লেখক-কবিদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে দেশের শিল্প ও সাহিত্যের উন্নয়নে কাজ করাই এ ক্লাবের মূল লক্ষ্য” যোগ করেন তিনি।
এছাড়া যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শিল্পী-সাহিত্যিকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করবে ক্লাব। পাশাপাশি সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করা এবং সারা দেশে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করতে এ ক্লাব নানা ধরনের উদ্যোগ নেবে বলেও জানান এই শিল্পী।
প্রতিষ্ঠার পর থেকে এরই মধ্যে প্রতি সপ্তাহেই ক্লাবে সঙ্গীতানুষ্ঠান ছাড়াও কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বস্ত্রমেলার মতো ইভেন্টও। ভবিষ্যতে চিত্রকলা প্রদর্শনীসহ নিয়মিত শিল্প-সাহিত্যের নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আগামীতে এটি দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে বলে প্রত্যাশা করে সুজিত মুস্তাফা বলেন, “প্রাথমিকভাবে শিল্প-সাহিত্যের আটটি মূল শাখাকে কেন্দ্র করে আর্টিস্ট ক্লাব বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করবে। এগুলোর মধ্যে রয়েছে- সংগীত ও নৃত্যকলা, চারুকলা ও দৃশ্যশিল্প, অভিনয় ও পরিবেশন শিল্প, সাহিত্য, ডিজাইন ও প্রয়োগকলা, মিডিয়া ও ডিজিটাল আর্টস, হস্তশিল্প ও কারুশিল্প, লাইফস্টাইল ও অন্যান্য”।