প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৯:৫১ পিএম
ডুমার সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন’ (ডুমা) এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে মূকাভিনয় প্রদর্শন করতে যাচ্ছেন সংগঠনটির সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ আমন্ত্রণে উবাইদুল্লাহ রিদওয়ান এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এটি ঢাকা ইউনিভার্সিটি মাইম একশনের ইতিহাসে কোনো শিল্পীর ইউরোপের মঞ্চে প্রথম মূকাভিনয় পরিবেশনা।
আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ওয়ারশের ঐতিহাসিক ‘প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্স’-এর রাতুজোতা হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে, মূকাভিনয় দলের মতো বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদের এই উপস্থিতি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে শৈল্পিক ও জনগণের পর্যায়ের সম্পর্ককে আরও মজবুত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি কেবল ডুমার ইতিহাসে নয়, বরং বাংলাদেশের মূকাভিনয় শিল্পের জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত। এই পরিবেশনার মাধ্যমে ইউরোপের দর্শকদের সামনে বাংলাদেশের স্বাধীনতার গৌরবগাথা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে বলে আয়োজকরা আশা করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি আরও জানায়, ঢাকা ইউনিভার্সিটি মাইম একশন (ডুমা) দীর্ঘদিন ধরে মূকাভিনয়কে একটি শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে আসছে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সচেতনতামূলক বিষয়বস্তু নিয়ে দেশে-বিদেশে অসংখ্য পরিবেশনার মাধ্যমে সংগঠনটি এরই মধ্যে বিশেষ সুনাম অর্জন করেছে।