প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫ ২১:০৩ পিএম
আপডেট : ১১ মে ২০২৫ ২১:০৪ পিএম
কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে রচিত নাটক ‘কমলা রঙের বোধ’ মঞ্চস্থ করেছে থিয়েটার ফ্যাক্টরি। শনিবার ১০ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত এই নাটকটি ‘জীবনানন্দ নাট্য উৎসবের’ অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে। এটি রচনা করেছেন আলোক বসু, নির্দেশনাও দিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় একই স্থানে।
এছাড়াও রবিবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনী রয়েছে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো জানায়নি থিয়েটার ফ্যাক্টরি।
থিয়েটার ফ্যাক্টরি বলছে, জীবনানন্দ দাশের কবিতার মত তার চরিত্রে ছিল ‘কমলা রঙের’ মত প্রখর সংবেদনশীলতা। আর তার সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধের’ দোলাচল। এই দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।
এতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশসহ বিভিন্ন চরিত্র রয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাঈদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনুর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, নওরীন পাঁপড়ী, শিশির বিন্দু, সূর্য সরকারসহ আরও অনেকে।
নাটকের আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মোহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় পড়েন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। দুর্ঘটনার পর ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি।